হড়পা বানের জেরে বন্যার জেরে বিধ্বস্ত নেপাল। ব্যাপক ক্ষতি হয়েছে নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলিরও। কবে ওই জলবিদ্যুৎ প্রকল্পগুলি স্বাভাবিক হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় সেখানে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। এই পরিস্থিতিতে নেপালকে বিদ্যুৎ সরবরাহ করার কথা জানিয়ে দিল ভারত।
গত ২৬ অগস্ট হড়পা বান নামে নেপাল এবং তিব্বতের সীমান্তে। ভোটেকোশি নদীতে হড়পা বানের জেরে বিপর্যস্ত হয়েছে নেপাল। সব থেকে বেশি ক্ষতি হয়েছে তিব্বত সীমান্তবর্তী নেপালের তিন জেলা রাসুয়া, নুয়াকোট আর ধাদিঙ্গে এলাকায়। ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সেখানকার হাইড্রোপাওয়ার প্রোজেক্টগুলির। হড়পা বানের জন্য অন্তত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে নেপালের প্রশাসন।
আগেই বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়ানোর কথা বলেছিল ভারত। এ বার সেই দেশের বিদ্যুতের সংকটের সময়েও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, ডিসেম্বর মাস পর্যন্ত নেপালকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করবে ভারত। ওই সময় পর্যন্ত, প্রতিদিন ১৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সোমবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।
জানানো হয়েছে, মুজফ্ফরপুর-ঢালকেবর ৪০০ কেভি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে। পাশাপাশি তানকপুর-মহেন্দ্রনগর ১৩২ কেভি লাইনের মাধ্যমে আরও ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন মধ্যরাত থকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
আগামী জানুয়ারি থেকে কতটা বিদ্যুৎ সরবরাহ করা হবে তা ডিসেম্বর মাসে পর্যালোচনা করা হবে বলেও বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
দেশের মধ্যেও বিদ্যুতের চাহিদা বাড়ছে। এরই মধ্যে বিদ্যুৎ নিয়ে কঠিন পরিস্থিতিতে নেপালের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে ভারত।