বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে পুজোর পরেই নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সোমবার বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পরে এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বাসের ভাড়া বৃদ্ধি ও পরিষেবা আরও ভালো করা প্রয়োজন বলেই জানান তিনি।
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, ‘পুজোর আগে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কিছু ভাবছি না। পুজোর পরে এটা নিয়ে আলোচনা হবে। তবে সুবিধাও বাড়াতে হবে আবার ওদেরকেও (বাস মালিক ও কর্মী সংগঠন) দেখতে হবে।’ যদিও ‘বাস ভাড়া বৃদ্ধি হওয়া উচিত’ বলেই জানিয়েছেন তিনি।
ডিজেল ও যন্ত্রাংশের দামবৃদ্ধির পরেও ২০১৮ সাল থেকে বাসভাড়া বৃদ্ধি করা হয়নি। পূর্বতন সরকার এই ব্যাপারে বারবার আলোচনা করলেও বাসভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্জুনের কথায়, ‘বাসভাড়া বাড়া উচিত, আবার সুবিধাও বাড়ানো উচিত। ১৮ সাল থেকে একই জিনিস হয়ে আসছে। ভাড়া না বাড়ার কারণে বহু রুটে বাস উঠে যাচ্ছে। ভালো বাস চলুক, এসি বাস চলুক।’
অন্য দিকে, রাজ্য ও জাতীয় সড়কে টোল ট্যাক্সের বিষয়টি নিয়ে একটি নির্দিষ্ট পলিসি প্রয়োজন বলেও দাবি করেন তিনি। পরিবহণ মন্ত্রী জানান, টোল প্লাজাগুলিতে আলাদা আলাদা নিয়ম করে রাখা হয়েছে। অতিরিক্ত অর্থ নেওয়া হয়। অর্জুন বলেন, ‘ক্যাশলেস পরিষেবা থাকবে, তবে সেটাকে ইউনিফর্ম করতে হবে। একটি নির্দিষ্ট রেট নিতে হবে।’