বারণ না শুনেও প্রেম! কোচবিহারে বোনকে ‘পিটিয়ে’ মারল দাদা
প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৬
বোনের প্রেম সম্পর্ক মেনে নিতে পারেনি দাদা। অনেকবার বোঝানোর পরেও বোন সেই প্রেমিককে ছাড়তে রাজি হয়নি। আর সেই কারণে রাস্তায় পিটিয়ে বোনকে মেরে ফেলল দাদা! শুক্রবার রাতে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের দেওচড়াই এলাকায় রাস্তার ধারে থেকে রক্তাক্ত অবস্থায় তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় তার দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর তাকে গ্রেপ্তার করার পরে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
রবিবার অভিযুক্তকে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনায় অভিযুক্ত সঙ্গে তার আরও একসঙ্গে জড়িত ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে আর তার খোঁজে এবার শুরু করা হয়েছে তল্লাশি। তুফানগঞ্জ মহকুমা আদালতের এই মামলার সরকারি আইনজীবী সায়ন রক্ষিত জানিয়েছেন, যমুনা দাস নামে এক তরুনীর হত্যার ঘটনায় তার দাদা বিপ্লব দাসকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে তুলেছিল।
বিচারক ওই যুবককে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যমুনার এক যুবকের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল। সেই বিষয়টি তার দাদা বিপ্লব দাস জানতে পেরেছিল। ওই প্রেম সম্পর্ক থেকে যাতে বোন সরে আসে তার জন্য অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল । তবে তাতে বোন রাজি হয়নি। এই পরিস্থিতিতে দেওচড়াই এলাকায় নির্জন স্থানে দাঁড়িয়ে সেখানে বোনের মাথায় আঘাত করেছিল অভিযুক্ত দাদা। তাতেই তার বোন সেখানে লুটিয়ে পড়লে অসমে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত যদিও তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনায় ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ হয়নি তবে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।