দিল্লির যন্তর মন্তরে মেডিক্যাল পড়ুয়াদের আন্দোলনের পরে দেশজুড়ে চর্চায় উঠে এসেছেন জেন জ়ি-রা। তরুণ প্রজন্ম কি রাজনীতি বিমুখ? এই আলোচনা ছিল দীর্ঘদিন ধরেই। সেই ধারণাকে ভুল প্রমাণ করে রাজস্থানের পুরভোটে জয়ী হলেন জেন জ়ি প্রার্থীরা। জয়পুরের এক গৃহবধূ থেকে শুরু করে আলওয়ারের সাংবাদিক— নব প্রজন্মের জয়জয়কার।
জয়পুরে কংগ্রেসের ২১ বছর বয়সি প্রার্থী ফায়েজ হাসান জয়পুর পুরসভার ৭১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন মোট ৫,৪২৬টি ভোট। এই আসনে দ্বিতীয় হয়েছেন নির্দল প্রার্থী মহম্মদ সেলিমকে (৫,২৫৬ ভোট)। এই আসনে বিজেপির নিশা গৌর রয়েছেন তৃতীয় স্থানে।
অন্যদিকে, জয়পুরের ৭২ নম্বর ওয়ার্ড থেকে জয় লাভ করেছেন ২২ বছর বয়সি সুমন ভাটি। তিনি একজন গৃহবধূ। জয়ের পরে একটি সংবাদমাধ্যমে সুমন বলেন, ‘আমার এলাকায় একাধিক কাজ বাকি। আমি প্রতিশ্রুতি দিয়েছি যে জয়ী হয়ে তিনটি পাবলিক লাইব্রেরি তৈরি করব এবং মহিলাদের জন্য সিভিল ডিফেন্স ক্লাসের আয়োজন করব।’ উল্লেখ্য, তাঁর স্বামী রমেশ রাজস্থান বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এনএসইউআই (NSUI)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন।
আলওয়ারের থানাগাজি পুরসভায় ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ২১ বছর বয়সি বিজেপি প্রার্থী নেহা শর্মা। তিনি তাঁর নিকটতম কংগ্রেস প্রার্থীকে ১০১ ভোটে পরাজিত করেছেন। এটি এই পুরসভায় বিজেপির কোনও প্রার্থীর সর্বোচ্চ ব্যবধানে জয়। রাজনীতিতে আসার আগে নেহা প্রায় চার বছর স্থানীয় গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ছাদ ধসে পড়ার ঘটনার জেরে স্থানীয় একটি স্কুলের বহু শিক্ষার্থী বিক্ষোভ শুরু করলে থানাগাজি এলাকা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং গত মাসে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র দৃষ্টি আকর্ষণ করে।
যদিও সব মিলিয়ে রাজস্থানের পুরভোটে ভালো ফল করেছে বিজেপি। মোট ৪,১৭৯টি ওয়ার্ডে জিতেছেন বিজেপি প্রার্থীরা, কংগ্রেস জিতেছে ৩,৬১৩টি ওয়ার্ডে। শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজ্যের ১০টি পুরসভার মধ্যে চারটিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস বিকানের পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং ঝালাওয়ারের পুর পরিষদে বড় জয় পেয়েছে।
১. রাজস্থানের পুরভোটে Gen Z প্রার্থীদের মধ্যে কারা জয়ী হয়েছেন?
জয়পুরে ফায়েজ হাসান ও সুমন ভাটি এবং আলওয়ারের থানাগাজিতে নেহা শর্মা জয়ী হয়েছেন।
২. জয়পুরের সুমন ভাটি কে?
সুমন ভাটি ২২ বছরের এক গৃহবধূ। তিনি জয়পুর পুরসভার ৭২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন।
৩. সুমন ভাটি জিতে কী কী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন?
সুমন জানিয়েছেন, এলাকায় তিনটি পাবলিক লাইব্রেরি তৈরি এবং মহিলাদের জন্য সিভিল ডিফেন্স ক্লাস আয়োজন করতে চান।
৪. নেহা শর্মার রাজনৈতিক পরিচয় কী?
২১ বছরের নেহা শর্মা বিজেপির প্রার্থী হিসেবে থানাগাজি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। রাজনীতিতে আসার আগে প্রায় চার বছর স্থানীয় গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
৫. রাজস্থানের পুরভোটে বিজেপি ও কংগ্রেসের ফল কী?
রাজস্থানের পুরভোটে বিজেপি ৪,১৭৯টি ওয়ার্ডে এবং কংগ্রেস ৩,৬১৩টি ওয়ার্ডে জয় পেয়েছে। রাজ্যের একাধিক পুরসভাতেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।