• এগরা শহরে নজরদারিতে বিশেষ উদ্যোগ, চালু হলো ‘সাইকেল প্রহরী’
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • এগরা শহরের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। শহরের যানজট এড়িয়ে গলি ও আনাচে-কানাচে নজরদারি চালাতে বিশেষ পদক্ষেপ করল জেলা পুলিশ। সেখানে চালু হলো সাইকেল-ভিত্তিক পেট্রলিং ব্যবস্থা। এর নাম দেওয়া হয়েছে ‘প্রহরী’। পুলিশের দাবি, এর ফলে, শহরের যানজট এড়িয়ে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানো যাবে।

    পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, যানজটের কারণে অনেক সময় বিভিন্ন এলাকায় পৌঁছতে দেরি বা সমস্যা হয়। আবার সরু গলি এবং ঘিঞ্জি এলাকাতেও পুলিশের চার চাকার গাড়ি বা ভারী মোটরসাইকেল সহজে পৌঁছতে পারে না। সেই সমস্ত এলাকায় সহজে এবং দ্রুত পৌঁছনোর উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে।

    পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এগরা পুরসভা এলাকার বিভিন্ন ব্যাঙ্ক, সোনার দোকান, গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত টহল ও নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

    স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সুরক্ষার পাশাপাশি নারী সুরক্ষা সুনিশ্চিত করতেই পুলিশের এই উদ্যোগ। সাইকেল টহলের ফলে যেমন অপরাধে লাগাম টানা সম্ভব হবে, তেমনই সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগও আরও দৃঢ় হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

    সোমবার, এগরা থানায় এই পরিষেবার সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায়। ছিলেন এসডিপিও সৌভিক পাত্র এবং অন্য পুলিশ আধিকারিকরাও। এর মাধ্যমে ছোটখাটো অপরাধ প্রতিরোধ থেকে শুরু করে সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি—সব ক্ষেত্রেই আরও সক্রিয় ভূমিকা নেওয়া সম্ভব হবে।

    আধিকারিকরা জানিয়েছেন, পুলিশ কর্মীরা নিয়মিত সাইকেলে চেপে শহরের প্রতিটি মোড় ও গলিতে টহল (Cycle Mobile Patrol) দেবেন। এর ফলে একদিকে যেমন জনসংযোগ বৃদ্ধি পাবে, তেমনই যানজট এড়িয়ে শহরের গলি ও আনাচে-কানাচে নজরদারি চালাতে সুবিধা হবে।

    আগামী দিনে জেলার অন্য এলাকাতেও এই পরিষেবা শুরু করা হতে পারে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)