এই সময়, আলিপুরদুয়ার: চা-বাগান ঘেরা আলিপুরদুয়ারে টি ট্যুরিজম কোর্স চালু করেও সাড়া মেলেনি। পড়ুয়ার অভাবে শেষ পর্যন্ত বন্ধ করতে হয়েছে সেই কোর্স। তার বদলে নতুন সম্ভাবনার দরজা খুলেছে স্প্যানিশ ভাষা।
২০২৪-এ আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে চালু হওয়া ছ'মাসের অনলাইন স্প্যানিশ সার্টিফিকেট কোর্সে এখন পড়ুয়ার সংখ্যা বেড়ে হয়েছে ২০। টি-বোর্ডের পাশাপাশি এলাকার বিভিন্ন চা-বাগানের সঙ্গে আলোচনা করে মহিলা মহাবিদ্যালয়ে টি ট্যুরিজম কোর্স চালু করা হয়েছিল।
উদ্দেশ্য ছিল, চা-বলয়ের বিস্তীর্ণ এলাকার ছাত্রীদের সামনে চা-শিল্প ও পর্যটনকেন্দ্রিক পড়াশোনার নতুন সুযোগ তৈরি করা। কিন্তু সেই উদ্যোগে প্রত্যাশিত সাড়া মেলেনি। মাত্র তিন জন ছাত্রী ভর্তি হওয়ায় শেষ পর্যন্ত পড়ুয়ার অভাবে কোর্সটি বন্ধ করে দিতে হয়। এর পরেই বিকল্প পেশামুখী শিক্ষার দিকে নজর দেন কলেজ কর্তৃপক্ষ।
২০২৪-এ শুরু হয় স্প্যানিশ ভাষার অনলাইন ছ'মাসের সার্টিফিকেট কোর্স। সপ্তাহে দু'দিন অনলাইনে ক্লাস হয়। শুরুতে পড়ুয়ার সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে। এখন ২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পড়ুয়াদের মধ্যেই এই কোর্সে আগ্রহ বেশি।
কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় বলেন, 'উত্তরবঙ্গে অন্য কোনও সরকারি প্রতিষ্ঠানে স্প্যানিশ ভাষা শেখানো হয় না। তাই এই কোর্সটি পড়ুয়াদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে। চাহিদাও দিন দিন বাড়ছে।' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তন্দ্রিমা নন্দী এই কোর্সে ক্লাস নেন।