• বিজেপি নেতার ফাঁকা জমিতে বিস্ফোরণ, উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছিন্নভিন্ন দু’টি পা, চাঞ্চল্য
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • বিজেপি নেতার খালি জমিতে বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বিস্ফোরণস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নভিন্ন দু’টি পা উদ্ধার করেছে পুলিশ। দেহের বাকি অংশের এখনও কোনও খোঁজ মেলেনি। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশের চিত্রকূটে। তবে এই নিয়ে বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমিটির মালিক স্থানীয় বিজেপি নেতা জগদীশ গৌতম। সোমবার রাতে বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতার ওই ফাঁকা জমিতে গিয়ে তাঁরা দেখেন, বিস্ফোরণের তীব্রতায় সেখানে বিশাল গর্ত হয়ে গিয়েছে। কিছুটা দূরে পড়ে রয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দু’টি পা।

    কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন চিত্রকূটের পুলিশ সুপার অরুণ কুমার সিংহ। তাঁর সঙ্গে ছিল ডগ স্কোয়াড, স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং পাহাড়ি থানার পুলিশ। বিস্ফোরণের কারণ খুঁজে বের করার পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা চলছে। বিস্ফোরণের অভিঘাতের চিহ্ন গোটা জমিতে ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় জমির পাঁচিলের একাংশও ধসে গিয়েছে।

    প্রাথমিক তদন্তে অনুমান, বিস্ফোরক নিয়ে কাজ করার সময় কোনও ভাবে দুর্ঘটনা ঘটেছে। তাতেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ সুপার জানিয়েছেন, এখনও পর্যন্ত আশপাশের গ্রাম থেকে কোনও ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর মেলেনি। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

    ঘটনাস্থলে ফরেন্সিক দলের একটি ইউনিট মোতায়েন করা হয়েছে। বান্দা থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞদের একটি দল। বিস্ফোরক এবং অন্যান্য নমুনা পরীক্ষা করতে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের (BDDS) একটি দলও ঘটনাস্থলে যাবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই নিয়ে জমির মালিক ওই বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    কোথায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে?

    উত্তরপ্রদেশের চিত্রকূটে বিজেপি নেতা জগদীশ গৌতমের খালি জমিতে এই বিস্ফোরণ ঘটেছে।

    বিস্ফোরণস্থল থেকে কী উদ্ধার হয়েছে?

    অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছিন্নভিন্ন দু’টি পা উদ্ধার হয়েছে। দেহের বাকি অংশের এখনও সন্ধান মেলেনি।

    বিস্ফোরণের কারণ কী বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ?

    বিস্ফোরক নিয়ে কাজ করার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

    মৃত ব্যক্তির পরিচয় জানা গিয়েছে কি?

    না। এখনও তাঁর পরিচয় জানা যায়নি। আশপাশের গ্রাম থেকেও কোনও নিখোঁজের খবর মেলেনি।

    তদন্তে কোন কোন দল রয়েছে?

    পুলিশ, SOG, ডগ স্কোয়াড ও ফরেন্সিক দল তদন্ত করছে। বান্দা থেকে বিশেষজ্ঞ দল এবং BDDS-ও ঘটনাস্থলে যাবে।

  • Link to this news (এই সময়)