• ‘দুর্গাপুজো না-লিখলে ভেঙে দেওয়া হবে স্টল’, আলিপুরদুয়ারে বামেদের হুঁশিয়ারি আইন প্রতিমন্ত্রীর
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: শারদোৎসব' নয়, লিখতে হবে দুর্গোৎসব'। কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে বামপন্থীদের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুরে এমন মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার মুখ্যমন্ত্রীর দুরেই সুর মেলালেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী এবং করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস। সোমবার আলিপুরদুয়ারে এসে হুঁশিয়ারির দুরে তিনি বলেন, 'দুর্গোপুজো না লিখলে কমিউনিস্টদের স্টল ভেঙে দেওয়া হবে।'

    আজ, মঙ্গলবার আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। তাতে বিজেপির প্রার্থীদের উৎসাহ দিতেই এ দিন আলিপুরদুয়ারে আসেন মন্ত্রী। শহরের একটি হোটেলে বিজেপি প্রার্থী এবং সমর্থক আইনজীবীদের নিয়ে বৈঠক করেন বিরাজ। পরে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'দুর্গাপুজোয় কমিউনিস্টদের স্টলে হিন্দুধর্ম, সনাতন ধর্ম এবং ভারত বিরোধী কিছু লেখা থাকলে সেই স্টল ভেঙে দেওয়া হবে। স্টলে দুর্গাপুজো কথাটি লেখা না-থাকলেও ভেঙে দেওয়া হবে।'

    মন্ত্রীর এই হুঁশিয়ারিকে কটাক্ষ করেছে সিপিএম। দলের জেলা সম্পাদক কিশোর দাস বলেন, 'আমাদের স্টলে আমরা কী রাখব, কী রাখব না, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। বিজেপি রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। গণতান্ত্রিক দেশে শারদোৎসবে আমরা স্টল বসাব। বিজেপি স্টল ভাঙতে এলে সাধারণ মানুষই তার প্রতিরোধ করবেন।'

    এ দিন আলিপুরদুয়ার জেলা আদালতের নবনির্মিত পাঁচতলা ভবন ঘুরে দেখেন বিরাজ। তিনি বলেন, 'খুব শিগগিরই ওই ভবনের উদ্বোধন হবে। তার জন্য ভবনের সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।' তাঁর সংযোজন, 'উত্তরবঙ্গের জুনিয়ার আইনজীবীরা বিগত ১৫ বছর ধরে অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডের সুবিধা পাননি। তাঁরাও যাতে ওই ফান্ডের সুবিধা পান সেটা দেখা হচ্ছে।'

    বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে এ বার ত্রিমুখী লড়াই। নির্বাচনে বিজেপি, সিপিএমের প্রভাবিত প্যানেলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বীতার জায়গায় রয়েছে অ্যাডভোকেটস ফোরামের প্যানেলের প্রার্থীরাও। তৃণমূল ভেঙে যাওয়ায় জোড়াফুল সমর্থিত আইনজীবী প্রার্থীরা অ্যাডভোকেটস ফোরামের ব্যানারে লড়ছেন।

  • Link to this news (এই সময়)