নয়াদিল্লি: বিজেপির মণ্ডল সভাপতির উপর অকথ্য অত্যাচার। অভিযোগ উঠল দলীয় বিধায়কের বিরুদ্ধে। দিল্লির এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির দলিত মণ্ডলের সভাপতি সুনীল কুমারের অভিযোগ, বিধায়ক গজেন্দ্র দারাল তাঁকে বৈঠকের জন্য অফিসে ডেকে পাঠিয়েছিলেন। গত বৃহস্পতিবার সেখানে পৌঁছতেই সিসি ক্যামেরা বন্ধ করে অন্তত ১২ জন মিলে তাঁকে বেধড়ক মারধর শুরু করে। সেই দলে ছিলেন বিধায়কও। সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের ভিডিয়ো শেয়ার করে সুনীল একথা জানিয়েছেন। ভিডিয়োতে সুনীলের গোটা শরীরে কালশিটে দেখা গিয়েছে। ব্যথায় তিনি হাত নাড়তে পারছেন না। সুনীলের অভিযোগ, তাঁকে লোহার পাইপ, লাঠি ও বেল্ট দিয়ে পেটানো হয়েছে। ইতিমধ্যেই তিনি পুলিশে এফআইআর করেছেন। অন্যদিকে তাঁর ডাক্তারি পরীক্ষায় চিকিৎসকরা জানিয়েছেন, সুনীলকে যেভাবে মারা হয়েছে তাতে তাঁর প্রাণ সংশয়ও হতে পারত। এই ঘটনায় এসসি-এসটি আইনের ধারায় অভিযোগ দায়েরের দাবি তুলেছেন অনেকেই।