• অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এবার প্রকাশ্যেই বিজেপির বিরোধিতা নীতীশের দলের, চন্দ্রবাবু নাইডুর সুর নিয়েও সংশয়
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এনডিএ জোটে মতান্তর প্রকাশ্যে। ব্রিকসের আন্তর্জাতিক মঞ্চ থেকে বিজেপি আবার ফিরেছে বিজেপিতেই। ব্রিকসের সম্মেলন সমাপ্তির দিনেই রবিবার মুম্বইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিন্ন দেওয়ানি বিধির সুর চড়া করেছিলেন। সোমবার সকাল থেকে বিজেপি কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছে। ২০২৯ সালের মধ্যেই এনডিএ শাসিত তাবৎ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাবে বলে বলেছিলেন অমিত শাহ। সেই ঘোষণাকেই বিজেপি আগামীদিনের প্রচারের অন্যতম এজেন্ডা ও ইস্যু হিসাবে ঝাঁপিয়েছে। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সোমবার এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে হঠাৎ কেন্দ্রীয় সরকার এবং বিজেপির আগ্রাসী প্রচারের বিরুদ্ধাচারণ করায় পালটা বিজেপিও প্রত্যাঘাত করেছে। কিন্তু বিরোধীদের সঙ্গে সংঘাতের থেকেও বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে অতি আত্মবিশ্বাসী প্রচার করতে গিয়ে শুরুতেই অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে খোদ জোটসঙ্গীর থেকেই। বিহারে নীতীশ কুমারের দল সরাসরি সোমবার জানিয়েছে, আমাদের অবস্থান অনেক আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিজেপি তাদের শাসিত রাজ্যগুলিতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুক। বিহারে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে না। নীতীশকুমারের দলের নেতা শ্যাম রজক বলেছেন, অভিন্ন দেওয়ানি নিয়ে কোনও অস্পষ্টতা নেই আমাদের। কোনো অবস্থাতেই আমরা তা বিহারে চালু করতে দেব না। এখনও সেটাই বজায় থাকছে। দলের কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা বলেছেন, এই ইস্যুতে যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায় সেটি নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমরা দেখা করব। বিহারবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই যে, আইন কমিশনকে চিঠি দিয়ে আগেই নীতীশকুমার এই অবস্থান স্পষ্ট করেছিলেন। এদিকে এনডিএ জোটের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখে খুশি রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস। তাদের কটাক্ষ, মুখে বিরোধিতায় কাজ হবে না। নীতীশকুমার এখন আর মুখ্যমন্ত্রী  নেই। সুতরাং সম্ভবত এখন আর তাঁকে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব গ্রাহ্য করে না। যেভাবে তাঁকে সরানো হয়েছে মুখ্যমন্ত্রীর পদ থেকে, সেই পদ্ধতি থেকে স্পষ্ট যে, আর নীতীশকুমারের মূল্য নেই। 

    এদিকে, একইভাবে এখনও মুখ না খুললেও চন্দ্রবাবু নাইডুর দলকে নিয়েও যথেষ্ট উদ্বেগে বিজেপি। যদিও বিজেপি দাবি করেছে যে, তেলুগু দেশম আগেই জানিয়েছে যে, তাদের আপত্তি নেই যদি সঠিকভাবে সব সম্প্রদায়ের স্বার্থ বজায় রেখে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। প্রশ্ন হল, এতদিন এভাবে প্রকাশ্যে নীতীশকুমারের দল অমিত শাহের কোনও ঘোষণার বিরুদ্ধাচারণ করেনি। এই প্রথম ২৪ ঘন্টার মধ্যেই তারা জানিয়ে দিয়েছে, বিজেপির ওই সিদ্ধান্তে তাদের মত নেই।
  • Link to this news (বর্তমান)