• দিশা সালিয়ান মামলায় এফআইআর সিবিআইয়ের, নাম জড়াল আদিত্য থ্যাকারে, রিয়া চক্রবর্তীর
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • মুম্বই: গণধর্ষণ, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট আর পুলিশকে ভুল তথ্য সরবরাহ — দিশা সালিয়ান মৃত্যু মামলায় নতুন করে মামলা দায়ের করে তদন্তে নামল সিবিআই। আর কেন্দ্রীয় সংস্থার সেই মামলায় অভিযুক্তদের তালিকায় এবার বিধায়ক আদিত্য থ্যাকারে, অভিনেতা দিনো মোরিয়া এবং রিয়া চক্রবর্তীর নাম। তাঁদের বিরুদ্ধে গোটা মামলা ধামাচাপা দেওয়া ও তথ্য আড়াল করার অভিযোগ তোলা হয়েছে।  বলিউড অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুর ঘটনায় সম্প্রতি সিবিআইকে তদন্তভার গ্রহণের নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। এরই ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপ নিল। 

    উল্লেখ্য, মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন দিশার বাবা সতীশ। গত সপ্তাহে সিবিআই সতীশের বয়ানও রেকর্ড করে। তারপরই তদন্তে নয়া মোড়। 

    ২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের মালাডে ১৫ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হয় দিশার। তার ঠিক কয়েকদিন পর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় অভিনেতা সুশান্তের দেহ। দিশা ছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার। এই দুটি মৃত্যুর ঘটনায় যোগসূত্র রয়েছে কি না, প্রশ্ন উঠেছিল। সুশান্ত মামলায় তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। অন্যদিকে দিশার মামলাতেও একইভাবে নাম জড়ায় বলিউডের একাধিক তারকার। 

    সূত্রের খবর, সিবিআইয়ের কাছে দিশার বাবা যে বয়ান রেকর্ড করেছেন, তাতে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে, তাঁর ছেলে তথা শিবসেনা নেতা আদিত্য থ্যাকারে এবং বেশ কয়েকজন প্রশাসনিক ও পুলিশ অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সত্য আড়াল করার অভিযোগ করেছেন সতীশ। 

    ছ’বছর আগে দিশার মৃত্যুর পর পুলিশ প্রথমে আত্মহত্যার মামলাই শুরু করেছিল। তবে তারপরের ছ’বছরে পোক্ত কোনও তদন্ত রিপোর্ট মুম্বই পুলিশ পেশ করতেই পারেনি। এমনকি দিশার ময়নাতদন্ত রিপোর্টও এই ছ’বছরে তাঁর পরিবারের হাতে দিতে পারেনি পুলিশ। তার সঙ্গে তদন্তে নানা ধরনের অসঙ্গতিও পর্যবেক্ষণ করে হাইকোর্ট। তার প্রেক্ষিতেই এবার দিশা সালিয়ান মামলার সমাধানের দায়িত্ব পড়ল সিবিআইয়ের উপরই।  
  • Link to this news (বর্তমান)