• পুলিশের গাড়ি থেকে ঝাঁপ! স্ত্রী খুনে অভিযুক্তের রহস্যমৃত্যু অসমে
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: পুলিশ হেপাজতে স্ত্রীকে খুনে অভিযুক্তর মৃত্যু ঘিরে রহস্য অসমে। পুলিশের গাড়ি থেকে পালাতে গিয়ে অভিযুক্ত রামানুজ গোস্বামীর মৃত্যু হয় বলে দাবি। পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে শারীরিক পরীক্ষা শেষে হাতিগাঁও থানায় ফিরিয়ে আনা হচ্ছিল অভিযুক্তকে। মাঝ রাস্তায় এক প্রহরীকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেয় রামানুজ। গুরুতর জখম হয় সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রামানুজকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল, নাকি আত্মঘাতী হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। ঘটনায় আহত  এক পুলিশ কনস্টেবলও।

    যদিও রামানুজের বাবার অভিযোগ, পুলিশ শুরু থেকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তাঁকে ফোন করে বলা হয়, হাসপাতালের ছাদ থেকে পড়ে রামানুজের মৃত্যু হয়েছে। অথচ পুলিশ আগে জানিয়েছিল যে, গাড়ি থেকে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে। তাঁর প্রশ্ন, যে নিজে আত্মসমর্পণ করেছে, সে পালাতে যাবে কেন? রামানুজকে গুলি করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে তিনি নিজে মৃতদেহ ভালো করে দেখতে চান।’ গত ৩ সেপ্টেম্বর গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) খুন করেছিল রামানুজ। খুনের পর স্ত্রীর দেহ থেকে মাথা, হাতের আঙুল কেটে আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিল সে। ৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে অভিযুক্ত। সূত্রে খবর, স্ত্রীকে খুনের জন্য কোনো অনুশোচনা ছিল না রামানুজের। স্ত্রীর তথাকথিত ‘সুগার ড্যাডি’কে খুনের হুঁশিয়ারি দিয়েছিল সে।  
  • Link to this news (বর্তমান)