• বাসে উঠলেই এ বার ২০ টাকা? ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহণমন্ত্রী যা জানালেন...
    আজ তক | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ক্ষমতায় আসার পর থেকেই  পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে রাজ্যের বিজেপি  সরকার। এবার বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত দিলেন  পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। মন্ত্রী বলেন, রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি অনেক আগেই হওয়া উচিত ছিল। পাশাপাশি মন্ত্রী সোমবার জানিয়েছেন, দুর্গাপুজোর পর সরকার ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করবে।

    বেসরকারি বাস পরিচালকদের সংগঠনগুলোর সঙ্গে এক বৈঠকে অর্জুন সিং যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন। মন্ত্রী বলেন, 'আমার মতে, বাস ভাড়া বাড়ানোর বিষয়টি অনেক আগেই হওয়া উচিত ছিল। দুর্গাপুজোর পর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। ভাড়া বাড়ানোর পর বাস পরিচালকদের উচিত যাত্রীদের উন্নত সুযোগ-সুবিধা প্রদান করা। রাস্তায় আরও ভালোভাবে পরিচালিত বাস প্রয়োজন, যার মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিষেবাযুক্ত বাসও অন্তর্ভুক্ত থাকবে।'

    পরিবহণ দফতরের ময়দান টেন্টে পরিবহণ মন্ত্রী এবং দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা 'জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট', 'সিটি সাবআরবান সার্ভিস' এবং 'পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন'-এর প্রতিনিধিদের সঙ্গে  বৈঠক করেন। বৈকে মন্ত্রী আরও বলেন, যেসব সরকারি পরিবহন সংস্থা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের উচিত ছিল আগেই বাস ভাড়া বাড়ানো।

    পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি পি এন বসু জানান, বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে—যেমন বাসের ওপর জরিমানা আরোপ এবং এ রাজ্যের ও দেশের অন্যান্য অংশের মধ্যে সড়ক টোল বা মাশুলের হারের পার্থক্য। তিনি বলেন, মন্ত্রী এই সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বাস অপারেটারজের জন্য এককালীন সহায়তা প্যাকেজ নিয়েও আলোচনা হয়েছে, তবে সরকারের পক্ষ থেকে এই নিয়ে বৈকে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে তিনি জানান।

    বর্তমানে প্রথম ধাপের (স্টেজ ১) জন্য সরকার-নির্ধারিত ভাড়া ৭ টাকা, অথচ বেসরকারি বাস পরিচালকরা গোপনে ১০ টাকা ভাড়া নিচ্ছেন। 
    পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি পি এন বসু বলেন, 'ভাড়া পুনর্বিবেচনা এখন সময়ের দাবি। গত আট বছর ধরে অপরিবর্তিত থাকা বর্তমান ভাড়ার কাঠামোটি আর আর্থিকভাবে লাভজনক নয়। ২০১৮ সালের ভাড়ার ওপর ভিত্তি করে ২০২৬ সালে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তাই পরিচালনগত ক্ষতি পুষিয়ে নিতে আমরা প্রথম ধাপেই ২০ টাকা ভাড়া করার দাবি জানাচ্ছি।' 

    ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকার উপরে থাকা এবং রক্ষণাবেক্ষণ খরচ ক্রমাগত বেড়ে যাওয়ার কারণে বেসরকারি বাস মালিকরা জানিয়েছেন যে, বর্তমান ভাড়ার হারে আর বাস চালানো সম্ভব হচ্ছে না। এই নিয়ে পি এন বসু আরও বলেন, 'সরকার অন্তত 'বাহন' (VAHAN) সংক্রান্ত বকেয়া জরিমানার ক্ষেত্রে এককালীন ছাড়ের ব্যবস্থা করুক।' তিনি জানান, ডিজেলের উচ্চমূল্য এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ফলে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় সৃষ্ট সঙ্কটের মুখে অনেক বেসরকারি বাস মালিক এখন রুটের পুনর্বিন্যাস করছেন। বর্তমানে কলকাতায় রাস্তায় প্রায় ৩,৫০০টি বাস চলাচল করছে, যা কোভিড-পূর্ববর্তী সময়ের প্রায় ৬,০০০ বাসের তুলনায় কম।
     
  • Link to this news (আজ তক)