• ছোটো গাড়ির জন্য খুলে গেল বালি ব্রিজ সংযোগকারী অ্যাপ্রোচ রোড, বাস-ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: খানিকটা স্বস্তি। রবিবার বিকাল থেকেই ছোটো গাড়ির জন্য খুলে দেওয়া হল বালি ব্রিজের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী অ্যাপ্রোচ রোডের ডেক স্ল্যাব। তবে তা খুললেও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না যান চলাচল। ভারী যান তো বটেই, বাস চলাচলেও আপাতত নিষেধাজ্ঞা থাকছে। ফলে অফিস টাইমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে নিত্যযাত্রীরা কিছুটা স্বস্তি পেলেও বাসযাত্রীদের দুর্ভোগ এখনই কাটছে না।

    দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার জাতীয় সড়কের সঙ্গে বালি ব্রিজের সংযোগকারী এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর রবিবার বিকাল থেকেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নতুন নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র চারচাকার ছোটো গাড়ি, হালকা যান এবং ছোটো পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে। সাড়ে তিন টনের বেশি ভারী যান এবং কোনো বাস এই অংশ দিয়ে যেতে পারবে না। বাস ও ভারী যানকে এখনও নিবেদিতা সেতু হয়েই চলাচল করতে হবে। বালি ব্রিজের অ্যাপ্রোচ রোডের একটি অংশে ফাটল দেখা দেওয়ায় গত ২৭ জুলাই থেকে সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। রাজ্যের পূর্তদপ্তর ওই অংশের ডেক স্ল্যাব মেরামত করে। দেড় মাসেরও বেশি সময় ধরে চলা সেই কাজের জন্য ৫৪, ৫৬ সহ প্রায় ৩০টি রুটের কয়েকশো বাসকে নিবেদিতা সেতু ঘুরে যেতে হচ্ছিল। অন্যদিকে, অন্যান্য যানবাহন বালি ব্রিজ ব্যবহার করলেও পণ্যবাহী লরির মতো ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

    তবে বাসের ক্ষেত্রে এখনই মিলছে না ছাড়। দক্ষিণেশ্বর বা ডানলপের দিক থেকে আসা বাসকে দিল্লি রোড বা বম্বে রোডের দিকে যেতে এখনও নিবেদিতা সেতু ব্যবহার করতে হচ্ছে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব পাত্র বলেন, ‘বাস চলাচলের ব্যাপারে এখনও প্রশাসনের কোনো নির্দেশিকা মেলেনি। অ্যাপ্রোচ রোডের কাজ দ্রুত শেষ হলে যাত্রী ভোগান্তিও অনেকটা কমবে।’
  • Link to this news (বর্তমান)