• রেজিনগরে ঋতব্রতদের প্রার্থী এনসিপিআই এমপির ভাগ্নে! জোড়াফুল কার? দু’পক্ষই তাকিয়ে কমিশনের দিকে
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপনির্বাচনে মমতা শিবির প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পালটা প্রার্থীদের নাম প্রকাশ করল ঋতব্রত শিবির। তাৎপর্যপূর্ণ হল তৃণমূল কংগ্রেসের প্রতীক জটিলতার মধ্যেই, দু-পক্ষেরই প্রতীক ‘ঘাসের উপর জোড়াফুল’! তাই কোন শিবির এই সিম্বল পাবে সেই জরুরি সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেই নিতে হবে, অথবা জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ হবে কি না তাও জানাতে হবে তাদের। 

    নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচন ৬ অক্টোবর। রবিবার তাঁর দলের প্রার্থীদের নাম প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার প্রার্থীদের নাম জানিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত শিবিরের প্রার্থী রেজিনগরে সফিউজ্জামান শেখ এবং নন্দীগ্রামে মহম্মদ এহতেশামুল হক। ঋতব্রত বলেন, ১৬ সেপ্টেম্বর তাঁরা মনোনয়নপত্র জমা দেবেন। 

    বহরমপুর যাবেন ফিরহাদ হাকিম ও জাভেদ খান। ঋতব্রত তৃণমূলের রেজিনগরের প্রার্থীর মনোনয়নপত্র পেশের সময় হাজির থাকবেন তাঁরা। একইভাবে নন্দীগ্রামে থাকবেন মদন মিত্র ও স্নেহাশিস চক্রবর্তী। ফের সেই প্রশ্ন—জোড়াফুল প্রতীক কোন পক্ষ পাবে? ঋতব্রতর বক্তব্য, ‘আমরা জোড়াফুল প্রতীকেই লড়ব। সেইমতোই হবে দেওয়াল লিখন। কমিশনের উপর আমাদের ভরসা আছে।’ অন্যদিকে, মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘মানুষের কাছে আবেদন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতার প্রার্থীদের জয়যুক্ত করুন।’

    মনোনয়নপত্র পেশের শেষদিন ১৬ সেপ্টেম্বর। ১৭ তারিখ স্ক্রুটিনি। তৃণমূলের সিম্বল নিয়ে কমিশনের সিদ্ধান্তের দিকেই নজর সকলের। উল্লেখ্য, রেজিনগরে ঋতব্রতরা যাঁকে প্রার্থী করেছেন, সেই সফিউজ্জামান হলেন তৃণমূল-ত্যাগী এনসিপিআই সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। তৃণমূল থেকেই বলা হচ্ছে, এনসিপিআই-ঋতব্রত তৃণমূল যোগের প্রমাণ দিচ্ছে এই ঘটনা। আবু তাহের বলেন, ‘আমার ভাগ্নের সঙ্গে যোগাযোগের সত্যটা অস্বীকার করতে পারব না। আগেও সে পার্টির জন্য এবং ভোটে কাজ করেছে। এবার স্বাধীনভাবে নিজে প্রার্থী হয়েছে। লড়াই করে দেখুক।’
  • Link to this news (বর্তমান)