বৃষ্টিতে চাষের ক্ষতি, ফুল কিনতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে মানুষের
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার ছিল গণেশ পুজো। আর গণেশ পুজো উপলক্ষ্যে ফুলের বাজার আগুন। ফুল কিনতে গিয়ে পকেট ফাঁকা হল সাধারণ মানুষের। গাঁদা থেকে রজনীগন্ধা, দোপাটি থেকে পদ্ম— সব ফুলই এদিন বিক্রি হয়েছে চড়া দামে। বলা ভালো, একলাফে তিনগুণ বেড়েছে ফুলের দাম। গাঁদা ও রজনীগন্ধার মালা কিনতে গিয়ে বেগ পেতে হয়েছে আম জনতাকে। খোলাবাজারে এদিন গাঁদা ফুলের একেকটি মালা বিক্রি হয়েছে ৪০/৫০ টাকায়। অন্যদিন এই মালা বড়জোর ১৫/২০ টাকায়। রজনীগন্ধার বড়ো মালার দাম আকাশছোঁয়া। এদিন তা কোথাও বিক্রি হয়েছে ৪০০ টাকায়, কোথাও আবার ৫০০ টাকায়। আর পাঁচটা দিন এই মালাই বাজারে পাওয়া যায় মেরেকেটে দেড়শো টাকায়। মাঝারি সাইজের রাজনীগন্ধার মালার দাম এদিন ছিল ৭০/৭৫ টাকা। একদম ছোটো মালা বিকিয়েছে ১৫ টাকায়। এদিন দামি ছিল পদ্মফুলও। একেকটির দাম উঠেছিল ২০ টাকা, কোথাও বিক্রি হয়েছে ২৫ টাকায়।
গণেশ পুজোর দিনে চাড়া হারে ফুলের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, আগে যে ফুল ২০০ টাকায় মিলত, তাই আজ কিনতে হয়েছে ৬০০ টাকায়। ফুল বিক্রেতাদের মতে, যেভাবে ফুলের দাম বেড়েছে, তাতে ক্রেতারা অনেকেই কম ফুল কিনে বাড়ি ফিরেছেন। ফলে পাইকারি বাজার থেকে ফুল কিনে আনলেও সব বিক্রি না হওয়ায় প্রচুর ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ফুল বিক্রেতাদের আশঙ্কা, বিশ্বকর্মা পুজোতেও ফুলের এই দাম বৃদ্ধি পাবে। ফুল চাষিদের মতে, অতি বৃষ্টির কারণে ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ফলন কমে গিয়েছে। বাজারে চাহিদা থাকলেও জোগান কম।
একারণেই ফুলের দাম বৃদ্ধি। তবে আশার কথা, গণেশ পুজো বা বিশ্বকর্মা পুজোয় ফুলের দাম আকাশছোঁয়া থাকলেও যেহেতু দুর্গাপুজোর এখনও দেরি আছে, তখন আবহাওয়া ঠিক থাকলে ফুলের দাম কিছুটা হলেও কমবে।