• আজ থেকে কর্মবিরতিতে চুঁচুড়ার অস্থায়ী পুরকর্মীরা, সংকটের মুখে নিকাশি-সাফাই, প্রায় পাঁচ মাসের মজুরি বকেয়া
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অবশেষে আশঙ্কাই সত্যি হল। মাসের পর মাস মজুরি না পেয়ে এবার কর্মবিরতির পথেই হাঁটার সিদ্ধান্ত নিলেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। আজ, মঙ্গলবার সকাল থেকে পুরসভার হাজিরা খাতায় সই না করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীদের যুক্তমঞ্চ। আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা পুরসভার সামনেই অবস্থান বিক্ষোভে বসবেন বলেও জানা গিয়েছে। কয়েকটি জরুরি পরিষেবাকে আন্দোলনের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তমঞ্চ। কিন্তু নাগরিক পরিষেবার মূল জায়গা, সাফাই-নিকাশি, পুরসভার অফিসের কাজের মতো বিষয়গুলি আন্দোলনের আওতায় থাকছে। ফলে, পুজোর মুখে শহরবাসীর দুর্ভোগ আরও একধাপ বাড়বে। এই অবস্থায় পুর প্রশাসন ও স্থানীয় প্রশাসন কী ভূমিকা নেয়, সেটাই এখন নাগরিক মহলের চর্চার বিষয় হয়েছে।

    প্রসঙ্গত, চুঁচুড়া পুরসভার ‘মেরুদণ্ড’ হল অস্থায়ী কর্মীরা। পুর প্রশাসন থেকে পরিষেবার সিংহভাগ কাজই অস্থায়ী কর্মীদের দিয়ে পরিচালিত হয়। ফলে, সেই কর্মীরা আন্দোলনে নামায় সার্বিকভাবে পুরসভা স্তব্ধ হয়ে যাবে। অতীতে তাই দেখা গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার থেকে প্রায় ২৩০০ কর্মী আন্দোলনে নামবেন। তাঁদের মধ্যে সুডা’র প্রায় ৪০০ এবং পুরসভার প্রায় ১৯০০ কর্মী আছেন। সুডা’র কর্মীরা চার থেকে পাঁচ মাসের মজুরি পাননি। অন্যদিকে, পুরসভার কর্মীদের বকেয়া তিন মাসের মজুরি। চলতি মাসের ১৪ তারিখেও কেউ মজুরি পাননি। এনিয়ে পুরকর্মীদের যুক্তমঞ্চের নেতা সিপিএমের সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, পেটে গামছা বেঁধে আর কর্মীরা কাজ করতে পারছেন না। কর্মীদের চার-পাঁচ মাসের মজুরি বকেয়া থাকলে কি সমস্যা হয়, তা পুরকর্তারা বুঝতে পারছেন না। আশা করি, নাগরিকরা বুঝবেন। আমরা পুর প্রশাসনকে অনেক সময় দিয়েছি। কিন্তু তাঁরা মৌখিক আশ্বাস আর টালবাহানা ছাড়া কিছুই দিচ্ছেন না। ফলে, আমাদের কর্মবিরতিতে যেতেই হচ্ছে।

    এনিয়ে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, সমস্যা তো তৃণমূল কংগ্রেসের নেতারা তৈরি করে গিয়েছেন। পরিস্থিতির প্রেক্ষিতে সবার সঙ্গে কথা বলব। পুজোর মুখে শহরের সাফাই, নিকাশির মতো পরিষেবা বন্ধ থাকবে, এটা মেনে নেওয়া কঠিন। পুর প্রশাসন অবশ্য কোনো মন্তব্য করতে চায়নি। 

    পুরকর্মীদের সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী কর্মীদের মজুরি নিয়ে সমস্যা চুঁচুড়ায় নতুন নয়। আগেও একাধিকবার এনিয়ে আন্দোলন করেছেন তাঁরা। কিন্তু এবার প্রায় পাঁচ মাসের মজুরি বকেয়া পড়ে গিয়েছে। সবচেয়ে বড়ো কথা ‘স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি’ বা সুডা’র কর্মীরা মূলত সাফাইয়ের কাজ দেখেন। সেই নির্মলবন্ধু ও নির্মল সাথীদের চার-পাঁচমাসের টাকা সরকার মেটায়নি। অন্যদিকে, পুরসভার নিজস্ব অস্থায়ী কর্মীরাও প্রায় তিনমাসের মজুরি পাননি। তার জেরে এবার পুরকর্মীরা কর্মবিরতি শুরু করছেন। এর ফলে পুজোর মুখে শহরের পরিষেবা বিপন্ন হবে, সংকটে পড়বেন নাগরিকরা। 
  • Link to this news (বর্তমান)