• দলের সদস্যদের ভোটেই পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের, নতুন প্রধান বিজেপি নেত্রী অপর্ণা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূল কংগ্রেসের ডাকা আনাস্থায় হাতছাড়া হল তৃণমূলেরই বোর্ড। হুগলির মগরা-২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ল বিজেপি। পালাবদলের পাশাপাশি, এদিন বোর্ড গড়াকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা ছড়ায়। এক বিজেপি কর্মী মারধরে জখমও হয়েছে। যদিও ওই ঘটনাকে তৃণমূলের সন্ত্রাস বলে দাবি করেছেন বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ। হুগলির মগরা-২ গ্রাম পঞ্চায়েতে ১৯ জন সদস্যের মধ্যে ৬ জন ছিলেন বিজেপির। বাকিরা সকলেই তৃণমূল সদস্য। সোমবারের অনাস্থায় বিজেপি’র ছ’জন ও তৃণমূলের ছ’জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই তৃণমূলের প্রধান জয়শ্রী বাগের বিরুদ্ধে ভোট দেন। এদিনের সভা থেকে বিজেপি নেত্রী অপর্ণা মালোকে নতুন প্রধান করা হয়েছে।

    অপর্ণাদেবী বলেন, মোদিজি ও শুভেন্দুজির উন্নয়নের টানে সদস্যরা আমাকে নতুন প্রধান নির্বাচন করেছে। এখন তৃণমূল বলে আর কেউ নেই। সকলেই উন্নয়নের পক্ষে। আমি কোনো বিতর্ক চাই না, অনেক কাজ বাকি। সেসব করতে চাই। 

    প্রসঙ্গত, প্রায় একমাস আগে একবার অনাস্থা বৈঠক ডাকা হয়েছিল। তখন কোনো সদস্য হাজির না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। এবার অবশ্য বিজেপি পরিকল্পনা করেই ময়দানে নেমেছিল। যদিও তাতে তাঁদের অন্দরের গোষ্ঠীকোন্দল এড়ানো যায়নি। অনাস্থা বৈঠক চলাকালীন পঞ্চায়েতের সামনেই বিজেপির দুই গোষ্ঠী বিবাদে জড়ায়। বিষয়টি মারামারি পর্যন্ত গড়ায়। যদিও বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, কিছু তৃণমূলের লোক বিজেপি সেজেছে। তাঁরাই গণ্ডগোল পাকিয়েছে। আমাদের দলীয় কর্মী তৃণমূলী হামলায় জখম হয়েছেন। তাঁর আইনি বিচার হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)