• পালাবদলেও বদলায়নি দুর্ভোগের ছবি, মাইকে সুস্থ থাকার আহ্বান শুনতে শুনতে ‘অসুস্থ’ বারাসতবাসী!
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘সুস্থ থাকুন, ভালো থাকুন। পরিবেশ বাঁচান।’ সকাল থেকে রাত পর্যন্ত এই বার্তা শুনে চলেছেন বারাসতের মানুষ। শুনতে শুনতে এমন অবস্থা যে সুস্থ থাকতে কানে তুলো দেওয়ার প্রয়োজন পড়ছে! মাইকের চিলচিৎকারেই ভেসে আসছে পরিবেশ বাঁচানোর ‘মহৎ বার্তা’! এই অবস্থায় বারাসতের নাগরিকদের প্রশ্ন, মাইকের আওয়াজেই যদি কানের দফারফা হয়ে যায়, তবে পরিবেশ বাঁচবে কী করে?

    চাঁপাডালি মোড় থেকে ন’পাড়া, হাটখোলা থেকে হৃদয়পুর হয়ে রেলওয়ে ওভারব্রিজ—বারাসতের ব্যস্ত রাস্তাগুলির দু’ধারে এখন মাইকের রমরমা। কোথাও ক্লাবের অনুষ্ঠান, কোথাও রক্তদান শিবির বা রাজনৈতিক সভার প্রচার। লাইটপোস্টে লাউডস্পিকার বাঁধা রয়েছে কয়েক কিলোমিটার রাস্তাজুড়ে। সেই চড়া আওয়াজ ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বারাসতে অবশ্য এই ‘সংস্কৃতি’ নতুন নয়। কোনো অনুষ্ঠান হওয়ার ১৫ দিন আগে থেকে মাইক লাগিয়ে প্রচার শুরু— এটাই এখানকার অলিখিত নিয়ম। বছরভর কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে । এক অনুষ্ঠান শেষ হয়, মাইক ঝোলানোই থাকে। পরদিন থেকে শুরু হয়ে যায় অন্য অনুষ্ঠান বা কর্মসূচির প্রচার। ফলে কার্যত একদিনও মাইকের অত্যাচার থেকে রেহাই পায় না বারাসতবাসী। 

    সামনেই দুর্গাপুজো। তার জন্য এখন থেকেই শুরু হয়ে গিয়েছে মাইকের মহড়া। ভুক্তভোগীদের অভিযোগ, মাইক বাজানোর ক্ষেত্রে নির্দিষ্ট ডেসিবেলের হিসাব রয়ে গিয়েছে স্রেফ কাগজে-কলমে। শহরের উপর দিয়ে গিয়েছে দু’টি জাতীয় সড়ক ও একটি রাজ্য সড়ক। দিনরাত গাড়ি চলছে। পথচারীর ভিড়ও যথেষ্ট। কিন্তু মাইকের আওয়াজে গাড়ির হর্নও কখনও কখনও শোনা যাচ্ছে না বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে রাস্তা পারাপার করতে গিয়ে বিপদের আশঙ্কা বাড়ছে। 

    স্থানীয় বাসিন্দা ঋতুপর্ণা চক্রবর্তী ক্ষোভের সঙ্গে বললেন, ‘রাত ১১টা-১২টা, দুপুর ২টো, এগুলো কি মাইক বাজিয়ে অত্যাচার করার সময়? সবার বাড়িতে বাচ্চা, বয়স্ক মানুষ আছেন। এই অত্যাচার কবে বন্ধ হবে?’ প্রসঙ্গত, পূর্বতন সরকারের আমলে মাইকের আওয়াজে এভাবেই জেরবার হতে হয়েছে বারাসতবাসীকে। তাই রাজ্যে পালাবদলের পর অনেকে ভেবেছিলেন, এবার নিশ্চয়ই শহরের ‘মাইক-সংস্কৃতি’ বদলাবে। কিন্তু এক্ষেত্রে বাস্তব চিত্রের  যে কোনো বদল হয়নি, তা প্রতি মুহূর্তে টের পাচ্ছেন বারাসতবাসী। তবে বিজেপি নেতা তাপস মিত্রের আশ্বাস, ‘মানুষের এই সমস্যার সমাধান হবে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।’ পুলিশের তরফেও দেওয়া হয়েছে সমস্যা মেটানোর আশ্বাস।
  • Link to this news (বর্তমান)