• সুন্দরবনে প্রায় ১০০০ কোটি টাকার প্রকল্পের ছাড়পত্র রাজ্যের
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন জুড়ে বিরাট কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। এখানকার ১৯টি ব্লকে প্রায় এক হাজার কোটি টাকা প্রকল্পের ছাড়পত্র দিল রাজ্য। উত্তর ২৪ পরগনার ৬টি এবং দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লকে হবে উন্নয়নের কাজ। সুন্দরবন উন্নয়ন দপ্তরের পুরানো ও নতুন মিলিয়ে প্রায় ৫০০টি প্রকল্প চালু হতে চলেছে গোসাবা, সাগর, সন্দেশখালি প্রভৃতি ব্লকে। এই প্রকল্পের আওতায় থাকবে রাস্তা, বাঁধ, ছোটো ছোটো কাঠের সেতু ইত্যাদি। কিছুদিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। প্রকল্পের ডিপিআর তৈরির কাজ চলছে। পুজোর পর পুরোদমে কাজ শুরু হবে বলে খবর। প্রসঙ্গত, নতুন সরকার ক্ষমতায় আসার পর সুন্দরবনের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমত পর্যটন থেকে পরিকাঠামো উন্নয়ন, সবই ঢেলে সাজার উদ্যোগ গ্রহণ করা হয়।

    মাস দেড়েক আগে সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা বলেছিলেন, সুন্দরবনের ১৯টি ব্লক থেকে বহু প্রস্তাব জমা পড়েছে। টাকার অঙ্কে তার পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি। অথচ দপ্তরের বাজেট ধরা হয়েছিল ১২৮০ কোটি টাকা। তাই যেগুলি মানুষের আগে প্রয়োজন, সেইসব কাজকে চিহ্নিত করে ব্লক ও মহকুমা স্তরে বাস্তবায়িত করা হবে। এক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে পাঁচশোটি প্রকল্প। এই কাজে খরচ হবে প্রায় এক হাজার কোটি টাকা। এই টাকায় যেসব কাজ হবে, তা হল কাকদ্বীপে কালনাগিনী নদীর উপর অসম্পূর্ণ সেতুর কাজ শেষ করা, বাপুজি গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি করা, গোসাবায় একাধিক বাঁধ নির্মাণ, পাথরপ্রতিমায় রিং বাঁধ তৈরি, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এলাকায় নদী পারাপারের জন্য ছোটো ছোটো কাঠের সেতু তৈরি ইত্যাদি। পরবর্তী ধাপে আরও কিছু কাজ যুক্ত হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। যে কাজগুলি প্রথম পর্যায়ে হবে, তা শেষ হলে সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ভাঙন সমস্যা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)