নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিল রাজ্য। কমিটির নামেই ব্যাংক আ্যাকাউন্ট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেসব কমিটির নামে অ্যাকাউন্ট নেই, তাদের তা খুলে ফেলতে হবে। সেই সঙ্গে অনুদানের জন্য আবেদনের আগে কমিটিগুলিকে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পুজো কমিটির সভাপতি অথবা সম্পাদককে কমিটির লেটারহেডে আবেদনপত্র জমা দিতে হবে পুলিশের কাছে। প্রয়োজন হবে কমিটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের একটি ‘ক্যানসেলড’ চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি। এর সঙ্গে জমা দিতে হবে গত বছরের পুজোর অনুমতিপত্রের কপি এবং কমিটির লেটারহেডে গত বছরের পুজো বাজেটের হিসাব।
২০২৬ সালের পুজো কমিটির সমস্ত সদস্যের তালিকাও জমা দিতে হবে। ওই তালিকায় সদস্যদের নামের পাশাপাশি উল্লেখ করতে হবে তাঁদের ঠিকানা এবং ফোন নম্বর। সেই তালিকাও করতে হবে কমিটির লেটারহেডে। এছাড়াও চাওয়া হয়েছে গত বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার স্বীকৃতিপত্রের কপি এবং এবারের পুজোর জন্য অনলাইন আবেদনের কপি।