সংবাদদাতা, বারুইপুর: গত বৃহস্পতিবার মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারুইপুরের উত্তরভাগের লালপোল এলাকা। তৃণমূল যুব সভাপতি দ্বিজেন মণ্ডলের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনার চারদিন পরে সোমবার দুপুরে অকুস্থলে এল তিন সদস্যর ফরেনসিক টিম। যদিও কী কারণে এই বিস্ফোরণ, সেটা নিয়ে কিছুই বলতে চায়নি তারা। এতদিন পরে এসে কীভাবে নমুনা সংগ্রহ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ, ভারী বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল ঘটনাস্থল। দলের সদস্যরা বিস্ফোরণস্থল ঘুরে লোহার যন্ত্রাংশ,পড়ে থাকা টিনের অংশ, ছাই সংগ্রহ করেন। দেখেন ঘরের দেওয়াল, কলম কীভাবে বিস্ফোরণের তীব্রতার জেরে ভেঙে গিয়েছে। তাঁরা বিস্ফোরণের ভয়াবহতা দেখে বিস্ময় প্রকাশ করেন। সূত্রের খবর, তাঁদের প্রাথমিক তদন্তে অনুমান, কোনো ভারী বিস্ফোরক মজুত ছিল বাড়ির একতলায়। তার জেরেই এই ঘটনা। এই নমুনা পরীক্ষা করার পরেই বারুইপুর পুলিশ জেলায় পাঠানো হবে রিপোর্ট। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছিল, ঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হতে পারে। কিন্তু সেখানে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না বলে জানিয়ে দিয়েছিলেন অভিযুক্তনেতা। নিজস্ব চিত্র