সংবাদদাতা, বনগাঁ: গত বছরের তুলনায় এবছর বনগাঁ মহকুমায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। তবুও সতর্ক প্রশাসন। ডেঙ্গু মোকাবিলায় আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জ্বর হলেই বাড়তি নজরদারি করছে দপ্তর। ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বনগাঁ মহকুমায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। গোপালনগরের বাসিন্দা এক যুবক কর্মসূত্রে কলকাতা থাকতেন। কিছুদিন আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। যদিও বর্তমানে চিকিৎসার পর সুস্থ হয়ে কর্মক্ষেত্রে ফিরেছেন তিনি।
বনগাঁ মহকুমায় সেভাবে ডেঙ্গু প্রকোপ দেখা না দিলেও সতর্ক প্রশাসন। মহকুমা স্বাস্থ্যদপ্তরের পাশাপাশি পুরসভার পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ব্লকে ডেঙ্গু নিয়ে সতর্কতামূলক প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কারও জ্বর হলেই তাঁর উপর বাড়তি নজরদারি করা হচ্ছে।
জানা গিয়েছে, ডেঙ্গু মোকাবিলায় ইতিমধ্যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বনগাঁ পুরসভার পক্ষ থেকেও ডেঙ্গু নিয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় জঞ্জাল সাফাই করার পাশাপাশি নিকাশিনালা গুলিও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। চলছে স্প্রে।এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আমরা সতর্ক। নিয়মিত নিকাশিনালায় স্প্রে করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বাড়িতে গিয়ে কারও জ্বর আছে কি না, সেই খোঁজও নেওয়া হচ্ছে। জ্বরে আক্রান্ত হলেই তাঁকে বিশেষ নজরে রাখা হচ্ছে।