• রাজারহাটে বেহাল কদমপুকুর ঝালগাছি রোড, পুজোর আগেই সংস্কারের উদ্যোগ
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: খানাখন্দ ছিলই। বৃষ্টিতে রাস্তার হাল আরও শোচনীয় হয়ে উঠেছে। সংস্কার না হওয়ায় রাজারহাটে বেহাল হয়ে রয়েছে কালুর মোড়গামী কদমপুকুর ঝালগাছি রোড। প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। জায়গায় জায়গায় গর্ত হয়ে যাওয়ায় চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বহু জায়গায় ভেঙেচুরে উঠে গিয়েছে পিচ। প্রতিদিন কয়েকশো গাড়ি যাতায়াত করে। স্কুলের ছাত্রছাত্রীদের নিত্য যাতায়াত এই রাস্তা দিয়ে। সকলেই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। অবশেষে এই রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজারহাট পঞ্চায়েত সমিতি। পুজোর আগেই কাজ করার জন্য টেন্ডারও হয়ে গিয়েছে। 

    নিউটাউনের আলিয়া ইউনিভার্সিটি রোডের পাশেই কদমপুকুর। সেখান থেকে রাস্তাটি চলে গিয়েছে রাজারহাটের কালুর মোড়ের দিকে। এই রাস্তার নাম কদমপুকুর ঝালগাছি রোড। আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করেন। রাস্তার ধারে একাধিক আবাসন, স্কুল, দোকান, বাজার রয়েছে। ফলে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। স্থানীয়দের অভিযোগ, বর্ষার আগে থেকেই রাস্তাটি খারাপ। মাঝখানে একবার প্যাচওয়ার্ক হয়েছিল। কিন্তু সেই তাপ্পিও উঠে গিয়েছে। ছোটো গর্তগুলি টানা বৃষ্টিতে বড়ো খানাখন্দের চেহারা নিয়েছে। হয়রানি আরও বেড়েছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনাও ঘটতে পারে। 

    স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, শুধুমাত্র কদমপুকুর ঝালগাছি রোড নয়, বর্ষার পর রাজারহাটের একাধিক রাস্তারই বেহাল দশা। এমনকি, রাজারহাট মেইন রোডের একাধিক জায়গায়ও রাস্তা খারাপ হয়ে রয়েছে। কোথাও গর্ত, কোথাও আবার কংক্রিটের ব্লক বসে গিয়েছে। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা মণ্ডল বলেন, ‘কদমপুকুর থেকে কালুর মোড়ের রাস্তাটি সংস্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। পুজোর আ঩গেই ওই রাস্তার কাজ হয়ে যাবে।’  ঝুঁকির যাতায়াত। নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)