• প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া ও সিমকার্ড বিক্রি চক্র, গ্রেপ্তার ২০
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার। এমনই মিউল অ্যাকাউন্ট চক্রে সোমবার ১২ জনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেই সঙ্গে পৃথক ঘটনায় সিমকার্ড বিক্রির চক্রে এদিন আরও আটজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানা। ওই সিমকার্ডগুলি সাইবার প্রতারণায় ব্যবহৃত হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, দু’টি ঘটনায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে পুরো চক্রকে পাকড়াও করার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত। বাকিদের খোঁজ চলছে।

    বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার টাকা রাখার জন্য প্রতারকরা মিউল অ্যাকাউন্ট ভাড়া নেয়। বহু মানুষ আর্থিক প্রলোভনে পা দিয়ে প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া দেয়। কমিশন বাবদ লক্ষ লক্ষ টাকা রোজগার করে। সম্প্রতি, বিধাননগর সাইবার ক্রাইম থানা মিউল অ্যাকাউন্ট নিয়ে একটি চক্রের খোঁজ পায়। বিধাননগর কমিশনারেট এলাকায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হয়েছিল সাইবার প্রতারকদের। তারা ওইসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার টাকা তুলেছে। তাদের কাছ থেকে প্রচুর এটিএম কার্ড, ব্যাংকের পাশবই, ল্যাপটপ এবং চেক বুক বাজেয়াপ্ত করা হয়েছে।

    অন্যদিকে, সিমকার্ড বিক্রির তদন্ত চালাচ্ছিল সাইবার ক্রাইম থানা। ওই ঘটনায় দু’টি নামী কোম্পানির তিনজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তারপর তাদের জেরা করে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা নির্ধারিত যাচাই প্রক্রিয়া ছাড়াই একই ব্যক্তির নামে একাধিক সিমকার্ড ইস্যু করার সঙ্গে জড়িত। পরবর্তীকালে ওই সিমকার্ডগুলি সংগ্রহ করে সাইবার প্রতারণা এবং সাইবার-সম্পর্কিত অন্যান্য অপরাধে ব্যবহার করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চলছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)