• ‘হিরের গণেশ’! তাও আবার ৫০ ফুটের, সত্যি নাকি?
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলায় এবার নজর কাড়ছে বিশালাকার গণেশ মূর্তি। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের তত্ত্বাবধানে তৈরি হয়েছে ৫০ ফুটেরও বেশি উচ্চতার গণেশ মূর্তি। উদ্যোক্তাদের দাবি, উত্তর ২৪ পরগনা তো বটেই, গোটা রাজ্যেও এত বড় গণেশ মূর্তি এই প্রথম। বিশাল মূর্তির পাশাপাশি মণ্ডপে দেখা যাচ্ছে ‘হিরের গণেশ’ও। 

    ঘোলার সি-ব্লক সাহাপাড়ার শ্রীপল্লি অটোস্ট্যান্ডে ২০১৫ সাল থেকে গণেশ পুজোর আয়োজন করে আসছেন বিজেপি নেতা তথা কলকাতা উত্তর শহরতলি জেলার মাইনরিটি মোর্চার সভাপতি সুজিত বড়ুয়া। এবারের পুজো ১২ বছরে পা দিয়েছে। আর সেই উপলক্ষেই আয়োজনের বহর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 

    উদ্যোক্তাদের দাবি, ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে এই পুজোর উদ্বোধন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিতেই বড় আকারে গণেশ পুজো করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি সুজিত বড়ুয়ার। সরকার পরিবর্তন হলে পুজো আরও বড় আকারে করার সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

    মণ্ডপের সামনে তৈরি করা হয়েছে ৫০ ফুটেরও বেশি উচ্চতার বিশাল গণেশ মূর্তি। মূর্তির পায়ের কাছে পাহাড়ি ঝরনার আদলে তৈরি করা হচ্ছে জলধারা। মণ্ডপের অন্দরসজ্জাতেও পরিবেশ ও সবুজ সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়েছে। মূল মণ্ডপে থাকছে প্রায় ১২ ফুটের ‘আমেরিকান ডায়মন্ডের গণেশ’। পাশাপাশি মণ্ডপ জুড়ে রাখা হয়েছে আরও প্রায় ৩০টি গণেশ মূর্তি। এবারের থিমের নাম দেওয়া হয়েছে ‘বিঘ্নহারিণী’। 

    বিশালাকার মূর্তি তৈরির কাজে যুক্ত ছিলেন প্রায় ৩০ জন শিল্পী। প্রায় দেড় মাস ধরে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের তত্ত্বাবধানে চলে মূর্তি তৈরির কাজ। শিল্পীর বক্তব্য, প্রকৃতি কারখানায় তৈরি করা যায় না, যেমন রক্তও তৈরি করা সম্ভব নয়। তাই জল ও গাছ সংরক্ষণের প্রয়োজনীয়তার বার্তাই এবারের পুজোর থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

    পুজো উদ্যোক্তা সুজিত বড়ুয়া বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও গত ১১ বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়েছে। এবার সেই পুজোকেই আরও বড় আকারে করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী ও বিধায়ককেও পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। 

    ৫০ ফুটেরও বেশি উচ্চতার গণেশ মূর্তি, অভিনব মণ্ডপসজ্জা, ‘হিরের গণেশ’ এবং পরিবেশ সংরক্ষণের বার্তা সব মিলিয়ে ঘোলার এই গণেশ পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই মণ্ডপকে ঘিরে। 
  • Link to this news (আজকাল)