• ধুলিয়ান পুরসভায় তৃণমূলকে সরিয়ে দিল তৃণমূলই!
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে মুর্শিদাবাদে ধুলিয়ান পুরসভায় ফের একবার তৃণমূল কংগ্রেসেরই চেয়ারম্যান নিযুক্ত হলেন। অদ্ভুত এই ঘটনাকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। 

    ২১ আসন বিশিষ্ট ধুলিয়ান পুরসভায় গত নির্বাচনে কংগ্রেস ৭ টি আসন, নির্দল প্রার্থীরা দু'টি আসন এবং  বাকি আসন থেকে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছিলেন এবং ইনজামামুল ইসলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুরসভার চেয়ারম্যান নিযুক্ত হন। তবে রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতেই চেয়ারম্যানের সঙ্গে বেশ কিছু কাউন্সিলের 'দূরত্ব' তৈরি হতে থাকে। গত ৪ আগস্ট তৃণমূল কংগ্রেসের ১৩ জন কাউন্সিলর চেয়ারম্যান ইনজামুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। 

    পুরসভায় অনাস্থা প্রস্তাব জমা হওয়ার পর 'আস্থা ভোট' না ডেকে গত ২৩ আগস্ট ইনজামুল ইসলাম, ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম সহ মোট পাঁচজন কাউন্সিলর কংগ্রেসের যোগদান করেন। যদিও সামশেরগঞ্জের দাঙ্গায় ইনজামুল ইসলামের নাম থাকায় এবং রাজ্য কংগ্রেস নেতৃত্বের অনুমোদন ছাড়া তাঁকে কংগ্রেসের যোগদান করানোয় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় কংগ্রেসের অন্দরে।  শেষ পর্যন্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ইনজামুল সহ বাকিদের কংগ্রেসের যোগদান স্থগিত করে দেওয়া হয়। 

    সোমবার ধুলিয়ান পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে পুরসভার মোট ২১ জন কাউন্সিলরের  মধ্যে ১৫ জন কাউন্সিলর উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে  ধুলিয়ান পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাতকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। 

    গত পুরসভা নির্বাচনে আনোয়ার নির্দল প্রার্থী হিসেবে জয়ী হলেও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে  যোগ দিয়েছিলেন। আজকের ভোটাভুটিতে কংগ্রেসের যোগ দেওয়া পাঁচ কাউন্সিলর সহ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা সরকার অনুপস্থিত ছিলেন।  সূত্রের খবর সুষমা সরকার জানিয়ে দিয়েছেন তিনি আর রাজনীতি করবেন না। সম্প্রতি ত্রিপল দুর্নীতিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর বেশ কিছু মানুষ তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপরই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

    সূত্রের খবর, পুরসভায় ধুলিয়ান পুরসভার নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সহ বাকি ১৪ জন তৃণমূল কাউন্সিলরই বর্তমানে ঋতব্রত পন্থী শিবিরের হয়ে কাজ করছেন। আজ ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান নির্বাচনের  সময় সেখানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের ঋতব্রত পন্থী তৃণমূল  বিধায়ক নুর আলম।

    তৃণমূল বিধায়ক বলেন,  'পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নিয়মিত পুরসভায় আসতেন না।  তাই পুরসভার বিভিন্ন কাজ আটকে গিয়েছিল। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন।' 

    তিনি জানান, 'আগামিকালই নতুন চেয়ারম্যান তাঁর দায়িত্বভার বুঝে নেবেন এবং বাকি সমস্ত কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন। সকলের সহমতের ভিত্তিতে নতুন বোর্ড কাজ করবে। সামনেই দুর্গাপুজো,তার আগে এলাকার রাস্তাঘাট সংস্কার কাজ করতে হবে।' 

    তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে সরিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে আনোয়ার সাদাত বলেন, ' আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সকলের আস্থাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আগামী দিন আমরা সামশেরগঞ্জের বিধায়ক নুর আলমের নেতৃত্বে কাজ করবো।'


     
  • Link to this news (আজকাল)