• মামার বাড়িতে ঘুরতে গিয়ে সর্বনাশ, নাবালিকাকে ধর্ষণ
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মামার বাড়িতে ঘুরতে এসে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এক বান্ধবী তাকে ডেকে নিয়ে গিয়ে নরম পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। নাবালিকাকে মদ খাইয়ে অচৈতন্য করে এক জঙ্গল সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। 

    ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা হাবড়া পুরসভা এলাকায় নিজের মামার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সন্ধ্যায় পাড়ার পরিচিত এক কিশোরীর সঙ্গে সে বাইরে ঘুরতে যায়। অভিযোগ, পরে তাকে এক যুবকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবকের আরও এক বন্ধুর উপস্থিতিতে মদের আসর বসে।

    অভিযোগ, পরে চারজন একসঙ্গে বাইরে বেরিয়ে যায়। হাবড়ার একটি শিবমন্দির সংলগ্ন জঙ্গল এলাকায় নিয়ে যাওয়ার পর দুই যুবক নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে জঙ্গলের মধ্যে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। 

    এদিকে গভীর রাত পর্যন্ত নাবালিকা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা হাবড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ ওই নাবালিকার সঙ্গে থাকা অন্য কিশোরীর সঙ্গে কথা বলে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাবালিকাকে উদ্ধার করা হয়। অসুস্থ ও অচেতন অবস্থায় তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। 

    পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ থাকার কথাও পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

    নাবালিকার বাবা বলেন, মেয়ে সরল মনে মামার বাড়ির পাড়ার পরিচিত এক কিশোরীর সঙ্গে বাইরে গিয়েছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে তা তাঁরা ভাবতে পারেননি।
  • Link to this news (আজকাল)