• রমেশ মাহাতোকে ঘিরে সরব জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • মিল্টন সেন

    জাঙ্গিপাড়ায় বিজেপির একটি কর্মসূচিতে রমেশ মাহাতোকে সংবর্ধনা দেওয়ার ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গত ১০ সেপ্টেম্বর হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার দীলাকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বিজেপির এক কর্মসূচিতে মঞ্চে রমেশ মাহাতোকে সংবর্ধনা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

    এরপরই ক্ষোভ প্রকাশ করেন জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ। রমেশ মাহাতোকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে দাবি করেন বিধায়ক।

    তাঁর বক্তব্য, একসময় হুব্বা শ্যামলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন হাওড়ার বালির বাসিন্দা রমেশ মাহাতো। ২০১১ সালে হুব্বা শ্যামল খুনের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

    জেলে থাকাকালীনও তোলাবাজি-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন বলেও দাবি বিধায়কের।

    অন্যদিকে, ওই কর্মসূচিতে রমেশ মাহাতো নিজেকে নতুন পরিচয়ে তুলে ধরেন। তিনি বলেন, ‘রমেশ বাবু আমার নতুন নাম। আমরা মানুষের সঙ্গে আছি, কাজ করতে চাই সততার সঙ্গে।’

    এরপরই সোমবার চুঁচুড়ায় রমেশ মাহাতোকে নিয়ে সরব হন জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ। তাঁর অভিযোগ, ‘যার বিরুদ্ধে ৩০টারও বেশি খুনের অভিযোগ রয়েছে, একটা কালো সাম্রাজ্য রয়েছে এবং যিনি হুব্বা শ্যামলের ডান হাত ছিলেন, তিনি এখন ভাল ভাল কথা বলে সহজ-সরল মানুষকে বোকা বানাতে জাঙ্গিপাড়ায় এসেছেন।’

    রমেশের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও তোলেন বিধায়ক। তাঁর দাবি, ‘গাঁজা, চরস, আফিমের মতো নেশার ব্যবসা করার জন্য তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।’

    একই সঙ্গে বিজেপির কর্মসূচিতে রমেশ মাহাতোর উপস্থিতি নিয়েও প্রশ্ন করেন প্রসেনজিৎ বাগ। তাঁর কথায়, ‘যাঁরা এসব বলছেন, তাঁরা বিজেপির কেউ নন।’

    বিধায়কের আরও অভিযোগ, বিভিন্ন সময়ে সিপিএম ও তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে মানুষকে বিভ্রান্ত করার পর এখন বিজেপির পরিচয় নিয়ে সামনে আসার চেষ্টা করছেন কয়েকজন।

    এই বিষয়ে দলীয় স্তরে ইতিমধ্যেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিজেপি বিধায়ক স্পষ্ট করে দিয়েছেন, বিধায়ক হিসেবে এই বিষয়ে যা যা করার, তিনি করবেন। পাশাপাশি বিজেপি দলীয় স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং প্রশাসনও অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করবে বলে জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)