আজকাল ওয়েবডেস্ক: জোড়া ফুলের জোড়া শিবির। দু' কেন্দ্রে রবিবার প্রার্থী দিয়েছে কালীঘাট তৃণমূল। ২৪ ঘণ্টায় নাম ঘোষণা করে দিল ঋতব্রত তৃণমূল। রবিবারেই জানা গিয়েছিল, সোমবার বিকেলেই প্রার্থী নাম জানিয়ে দেবে ঋতব্রত শিবির। সেই মতো সোমবার জানানো হল দুই নাম।
ঋতব্রত তৃণমূলের পক্ষ থেক, নন্দীগ্রাম উপনির্বাচনে লড়বেন মহম্মদ এতেশামুল হক এবং রেজিনগর উপনির্বাচনে লড়বেন সফিউদ্দিন শেখ। প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝেই কালীঘাটের দুই শিবির প্রার্থী ঘোষণা করে দিল ২৪ঘণ্টার ব্যবধানে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ঋতব্রত সভিবির জানিয়েছে, তারা তৃণমূল কংগ্রেসের নামেই প্রার্থী দেবে, প্রতীক জোড়াফুল।
অন্যদিকে, কালীঘাট তৃণমূল রেজিনগর উপনির্বাচনে প্রার্থী করেছে রবিউল আলম চৌধুরী। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান(দে)। রবিবার সন্ধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে।
গত কয়েকদিন ধরে প্রতীকের 'লড়াই' চলছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তবে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। কমিশন শনিবার দু'পক্ষের কথা শুনেছে পুনরায়। তথ্য যাচাই হয়েছে। কালীঘাট তৃণমূলকে চিঠিও পাঠিয়েছে। এই পরিস্থিতিতেই দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল কালীঘাট তৃণমূল। তবে কারা প্রার্থী হবেন তা নিয়ে জল্পনা কম ছড়ায়নি গত কয়েকদিনে।