• রেজিনগরে কেন রবিউলকেই বাছলেন মমতা?
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপলক্ষে সোমবার বহরমপুরে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি। মনোনয়ন ঘিরে সকাল থেকেই জেলা প্রশাসনিক ভবন চত্বরে ছিল রাজনৈতিক তৎপরতা।

    মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী বর্তমান রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জির সরকারের চালু করা জনমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলিকেই বর্তমান বিজেপি সরকার নাম বদলে চালাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

    তিনি উদাহরণ টেনে বলেন, "মমতা ব্যানার্জির আমলে প্রায় ২ কোটি ৪০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন। এখন বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার নামে সেই প্রকল্প চালাচ্ছে, কিন্তু ১ কোটি মহিলাকেও ঠিকমতো টাকা দিতে পারছে না। প্রতিদিন হাজার হাজার মহিলা বিডিও অফিসে ছুটছেন, অথচ টাকা পাচ্ছেন না।"

    পাশাপাশি বেকার যুবকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মমতা সরকারের চালু করা ২০০০ টাকা বেকার ভাতা থেকেও বর্তমান সরকার বেকার যুবকদের বঞ্চিত করছে। তাঁর অভিযোগ, সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার বদলে রাজ্যে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে বিজেপি সরকার।

    রবিউল আলম চৌধুরী দাবি করেন, সাধারণ মানুষ এখন বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির আমলে তাঁরা যে সুবিধা পেতেন, এখন তা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই রেজিনগরের মানুষ এবার ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে তাঁরা এখনও মমতা ব্যানার্জির পাশেই আছেন।

    জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনবারের বিধায়ক। তিনি বলেন, "২০১৩ সাল থেকে আমি মোট তিনবার এই রেজিনগরের মাটি থেকে জিতে বিধায়ক হয়েছি। রেজিনগরের মানুষ আমাকে দু'হাত তুলে আশীর্বাদ করেছেন। আমি আশাবাদী, এবারেও তাঁরা আমার সঙ্গ ছাড়বেন না।"


    অন্যদিকে, একইদিনে মনোনয়নপত্র জমা দেন প্রদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী আব্দুল্লাহিল কাফি। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মনোনয়ন জমা দিয়ে কাফি বলেন, "রেজিনগরবাসী অধীর আগ্রহে এই উপনির্বাচনের জন্য অপেক্ষা করছেন এবং তাঁরা শাসকদলের বিরুদ্ধে ভোট দেবেন।"

    কাফি আরও বলেন, "সাধারণ মানুষ বুঝে গেছেন, এবারের ভোট কাজের জন্য, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে এবং অন্নপূর্ণা ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সঠিক সুবিধা পাওয়ার জন্য দিতে হবে। তাই মানুষ এবার জাতীয় কংগ্রেসকেই বেছে নেবেন বলে আমরা আশাবাদী।"
  • Link to this news (আজকাল)