• মুম্বাইয়ের পর গণেশ উৎসবের নতুন ঠিকানা শিলিগুড়ি
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • বিভাস ভট্টাচার্য: চোখ ধাঁধানো প্যান্ডেল, উপচে পড়া ভিড়, রসগোল্লার ভোগে বাঙালিয়ানা—উৎসবের আবহে মাতল উত্তরবঙ্গের বাণিজ্যনগরী।

    মুম্বাইয়ের পর এবার গণেশ পুজোর জৌলুসে নজর কেড়েছে শিলিগুড়ি। একসময় মহারাষ্ট্রেই সীমাবদ্ধ থাকলেও, ধীরে ধীরে বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে গণেশ চতুর্থী। আর সেই উৎসবকে ঘিরে উত্তরবঙ্গের বাণিজ্যনগরী শিলিগুড়িতে এখন উৎসবের আমেজ তুঙ্গে।

    চোখ ধাঁধানো প্যান্ডেল, থিমভিত্তিক মন্দিরসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা এবং আলোকসজ্জায় শিলিগুড়ির বিভিন্ন গণেশ পুজো ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে। সন্ধ্যা নামতেই শহরের বিভিন্ন প্রান্তে ভিড় জমাচ্ছেন মানুষ। প্যান্ডেল হপিং থেকে শুরু করে প্রতিমা দর্শন—সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে শহরবাসী।

    প্রসাদেও এসেছে নতুনত্ব। প্রচলিত লাড্ডু ও মোদকের পাশাপাশি কোথাও কোথাও গণেশের ভোগে থাকছে বাংলার জনপ্রিয় মিষ্টি রসগোল্লাও।

    শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে Night Owl Association-এর গণেশ পুজো। উদ্বোধনের আগেই এই পুজো ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। উদ্বোধনের দিন চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর সূচনা করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, গণেশ পুজো আজ আর শুধু মহারাষ্ট্রের উৎসব নয়, ধীরে ধীরে তা বাঙালিরও অন্যতম বড় উৎসবে পরিণত হচ্ছে।

    সব মিলিয়ে গণেশ পুজোর জাঁকজমক, দর্শনার্থীদের ভিড় এবং আয়োজনের নিরিখে শিলিগুড়ি এখন পশ্চিমবঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। অনেকের মতে, মুম্বাইয়ের পর গণেশ উৎসবের আবহে এ রাজ্যে শিলিগুড়িই এখন অন্যতম প্রধান আকর্ষণ।
  • Link to this news (আজকাল)