• মিড ডে মিল নিয়ে সিদ্ধান্ত বদল সরকারের
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন সপ্তাহের ব্যবধানে মিড-ডে মিল বা পিএম পোষণ প্রকল্পে খাবার সরবরাহ নিয়ে সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। গত ২১ অগস্ট হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের নির্দিষ্ট কিছু এলাকার স্কুলে ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে খাবার সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছিল। ১১ সেপ্টেম্বর সেই অনুমোদনই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কী কারণে এত দ্রুত সিদ্ধান্ত বদল করল সরকার?

    দপ্তর সূত্রে খবর, ১১ জুলাই অক্ষয় পাত্রের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্কুলগুলিতে খাবার সরবরাহের প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব পর্যালোচনার পর অগস্টে অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পিএম পোষণ প্রকল্পের আধিকারিকদের প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু খাবার সরবরাহের কাজ কার্যকর ভাবে শুরু হওয়ার আগেই অনুমোদন প্রত্যাহার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

    এই সিদ্ধান্ত বদলের প্রেক্ষাপটে কলকাতায় পিএম পোষণ প্রকল্পের খাবার সরবরাহ নিয়ে তৈরি হওয়া বিতর্কও সামনে আসছে। কলকাতার কয়েকটি স্কুলে ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু হওয়ার পর খাবার দেরিতে পৌঁছনো এবং নিরামিষ খাবার নিয়ে অভিযোগ ওঠে। পরে পড়ুয়াদের জন্য আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করে সরকার। নির্ধারিত সময়ে খাবার না পৌঁছনোর অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছিল।

    এরই মধ্যে অক্ষয় পাত্রকে কলকাতার বাইরে চার জেলার কিছু স্কুলে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কলকাতার মডেলকে অন্য জেলায় সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবে কতটা এগোবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    আরও একটি বিষয় এই বিতর্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মিড-ডে মিল সরবরাহের প্রসঙ্গে ইসকনের নাম সামনে আসার পর হাইকোর্টে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে আগস্টে ইসকন মামলাকারীকে চিঠি দিয়ে জানায়, কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনের হাতে নেই। এমনকী পশ্চিমবঙ্গের কোনও এলাকায় মিড-ডে মিল বিতরণের কাজের সঙ্গেও ইসকন সরাসরি যুক্ত নয় বলে দাবি করা হয়।
  • Link to this news (আজকাল)