• খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের বদলি
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বদলি করা হল খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে। আড়াই মাসের মধ্যেই খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানোকে বদলি করা হল। ডাঃ বুশরা বানোকে ওই পদ থেকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডান্ট পদে পাঠিয়ে দেওয়া হল। 

    বুশরা বানোর জায়গায় খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিচ্ছেন পার্থ ঘোষ, (ডব্লিউবিপিএস)। তিনি চন্দননগর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে নিযুক্ত ছিলেন।  

    অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেট হিসেবে আনা হয়েছে শুভেন্দু মণ্ডলকে। তিনি এতদিন এসএপি-এর চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পদে ছিলেন। পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দির সংক্রান্ত কাজও দেখভাল করছিলেন তিনি।

    গতকাল, সোমবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেল থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। 

    বুশরা বানোর আচমকা এই বদলি নিয়ে রাজ্য পুলিশের অন্দরে শোরগোল পড়েছে। অভিযোগ সোশ‍্যাল মিডিয়ায় বুশরা বানোর একটি ভিডিও পোস্ট নিয়েই বিতর্ক এবং তার জেরে বদলি। 

    যদিও রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে এই বদলকে জনস্বার্থে করা নিয়োগ হিসাবে উল্লেখ করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)