আজকাল ওয়েবডেস্ক: পুজোর পর বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর বিষয়ে উদ্যোগী হবে পরিবহণ দপ্তর। এমনটাই আশ্বাস দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
২০১৮ সালে শেষবার রাজ্যে বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল। সেই সময় পরিবহণমন্ত্রী ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর এবার ফের বাড়তে চলেছে বাসভাড়া।
এবার বাস ভাড়া বৃদ্ধি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানালেন, ‘বাসভাড়া, ট্রেন ভাড়া, লোকাল ট্রেনের ভাড়া বহু বছর ধরে বাড়েনি। সরকারি সংস্থাগুলিকে দুর্বল করে দেওয়ার যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে, তা আর চলতে পারে না।’
দিলীপের বক্তব্য, ‘কোনও সভ্য দেশে এমন হতে পারে না যে, মানুষের আয় বাড়াব না, পরিষেবার ভাড়া বাড়াব না, অথচ মানুষকে গরিব রেখে সেটাকেই দয়া হিসেবে দেখানো হবে।’
রাজ্যের মন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘মানুষকে উন্নত পরিষেবা দিতে হবে এবং সেই পরিষেবার জন্য প্রয়োজন অনুযায়ী ভাড়াও বাড়াতে হবে। ভাড়া না বাড়ালে সরকারি সংস্থাগুলির আয় বা রেভিনিউ আসবে কোথা থেকে?’