আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। মঙ্গলবারই মনোনয়ন জমা দিতে যাবেন তিনি।
সঙ্গে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সকালে জানকীনাথ মন্দিরে পুজো দিতে গেলেন বিজেপি প্রার্থী। সেখানে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের মার্জিনও জানিয়ে দিলেন হাসি রানী।
জানালেন, ‘বিজেপির কেন্দ্র এবং রাজ্য আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, নন্দীগ্রামের সংগঠন ছাড়া কোনওদিনই কোন জায়গায় একা কেউ জিতে আসতে পারে না। সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমি চেষ্টা করব যাতে আমরা লক্ষাধিক ভোটে জিততে পারি।’
বিজেপির তরফে সরকারি ভাবে ঘোষণা করা না হলেও ইতিমধ্যেই নন্দীগ্রামের পথে পথে হাসি রানী রথের নামে পোস্টার পড়ে গিয়েছে ইতিমধ্যেই। আর উপনির্বাচনে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর কাছে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর আশা পূরণ করা।
এদিন পুজো দিয়ে বেরিয়ে সে কথাই জানালেন তিনি। হাসি রানীর কথায়, ‘আমাদের মেদিনীপুরের ভূমিপুত্র, তিনি যেটা চাইছেন, সেটা যাতে আমরা সেই আশা পূরণ করতে পারি, মোদিজির স্বপ্ন পূরণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমি প্রার্থনা করেছি যাতে মুখ্যমন্ত্রীর আশা যেন পূরণ করতে পারি এবং নন্দীগ্রামবাসীর আশা যেন পূরণ করতে পারি। আমরা আশাবাদী বিজেপি নন্দীগ্রামে ১ লক্ষ ১০ হাজার ভোটে জিতবে।’