• দক্ষিণ কলকাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের খোঁজ!
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয় (বিএসএইইউ)-এর তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডের এই সরকারি বিশ্ববিদ্যালয় একদা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডব্লিউবিইউটিটিইপিএ) নামে পরিচিত ছিল। এ বার সেখানেই মিলতে চলেছে শিক্ষকতার সুযোগ।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের দু'টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। শূন্যপদের সংখ্যা দুই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তেরা বিশ্ববিদ্যালয়ে মিউজিক এবং ফাইন আর্টস বিভাগে শিক্ষকতার সুযোগ পাবেন। তাঁদের পূর্ণ সময়ের জন্য নিয়োগ করা হলেও পদটি চুক্তিভিত্তিক। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা আগামী ছ'মাস চুক্তির ভিত্তিতে শিক্ষকতা করতে পারবেন। নিয়োগের মেয়াদ শর্তসাপেক্ষে বাড়তে পারে কিনা, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।

    জানা গিয়েছে, উভয় বিভাগেই পড়ানোর জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তর হতে হবে। থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। উত্তীর্ণ হতে হবে নেট, সেট বা স্লেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। যাঁদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি রয়েছে, তাঁরা নেট বা অন্য পরীক্ষায় উত্তীর্ণ ণা হলেও চলবে। যাঁদের এমএড-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং পিএইচডি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

    বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৬৪ বছর। জানানো হয়েছে, নিযুক্তদের বেতনকাঠামো স্থির করা হবে আলোচনার মাধ্যমে। ইচ্ছুকদের এ জন্য আলাদা করে আবেদন জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সকাল ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://bsaeu.in/ থেকে।

     
  • Link to this news (আজকাল)