• হোটেল-সুরক্ষায় এবার কী করতে চলেছে পুলিশ?
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার জেরে নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ কমিশনারেট। হোটেলগুলিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব রকমের আইনি নিয়মকানুন মেনে চলার বার্তা দিতে আয়োজন করা হল এক বিশেষ সচেতনতা বৈঠকের।

    ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগর এলাকার প্রায় ৩০০ জন হোটেল মালিক ও প্রতিনিধি।

    বৈঠকে সারাই লাইসেন্স, অগ্নি নিরাপত্তা এবং বৈদ্যুতিক সুরক্ষার বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও হোটেল নিরাপত্তাবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

    প্রয়োজনে ফায়ার ব্রিগেড, বিধাননগর পুরনিগম (BMC) এবং পুলিশ যৌথভাবে পদক্ষেপ করবে এবং হোটেলের লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে। আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো সম্ভব, তা নিয়েও আলোচনা হয়।

    পাশাপাশি, বিদেশি অতিথিদের থাকার ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বৈঠকে উপস্থিত FRRO এবং IB-র প্রতিনিধিরা জানান, বিদেশি নাগরিকদের সমস্ত তথ্য নিয়ম মেনে 'Form-3'-এর মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে হবে। বিদেশি বা দেশি- কোনও অতিথির চালচলনে সন্দেহ দেখা দিলে কিংবা হোটেল চত্বরে মাদক সংক্রান্ত কোনও বেআইনি কারবার নজরে এলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।


    বিধাননগর পুলিশ কমিশনারের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনারেটের ডেপুটি কমিশনাররা, বিধাননগরের এসডিও এবং বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। মূলত শহরের হোটেলগুলিতে সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করা এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই উদ্যোগ বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (আজকাল)