আজকাল ওয়েবডেস্ক: সাইবার অপরাধের আর্থিক পরিকাঠামো ভাঙতে ‘৩৬০ ডিগ্রি’ অভিযান বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C)-এর কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার সঙ্গে যুক্ত সাইবার অপরাধের যোগসূত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
অভিযানে বেশ কয়েকজন মিউল অ্যাকাউন্টধারী এবং সাইবার অপরাধের আর্থিক লেনদেনে সহযোগিতাকারী ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, এঁদের মধ্যে কেউ সাইবার অপরাধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরবরাহ করতেন, আবার কেউ চেক ও এটিএমের মাধ্যমে বেআইনি অর্থ তুলে নেওয়ার কাজে যুক্ত ছিলেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকায় এই কার্যকলাপ চলছিল বলে তদন্তে উঠে এসেছে।
ঘটনার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত এই অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে অভিযুক্তদের কাছ থেকে সাইবার অপরাধের বেআইনি লেনদেনে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবই, ল্যাপটপ এবং চেকবই।
তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের পরিধি আরও বড় হতে পারে। তাই বেআইনি অর্থের উৎস ও গতিপথ খতিয়ে দেখার পাশাপাশি এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে গোটা নেটওয়ার্কের কার্যপদ্ধতি বা মডাস অপারেন্ডি কী ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ সাইবার অপরাধের গোটা পরিকাঠামোর বিরুদ্ধে ‘৩৬০ ডিগ্রি’ অভিযান শুরু করেছে। শুধু সাইবার প্রতারণাকারী নয়, অপরাধের পিছনে থাকা গোটা সহযোগী চক্রকেই নিশানা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভুয়ো POS এজেন্ট, সিম কার্ড ক্রেতা, মিউল অ্যাকাউন্টধারী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরবরাহকারী, বেআইনি টাকা তোলার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং অন্যান্য সহযোগী।
পুলিশের লক্ষ্য, সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা লুকানো বা পাচার করার কাজে ব্যবহৃত গোটা আর্থিক ও পরিকাঠামোগত নেটওয়ার্ককে ভেঙে দেওয়া।
চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, কোথা থেকে বেআইনি অর্থ আসছে এবং কোথায় তা যাচ্ছে—সবই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।