আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঝড়। বরাহনগরের মণ্ডপে কিউট গণেশ দেখতে ভিড়। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে একের পর এক কিউট গণেশ-এর ছবি। ছোট্ট অবয়ব, মিষ্টি মুখ আর একেবারে শিশুর মতো অভিব্যক্তি দেখলে অনেকেরই মনে হতে পারে, এটি বুঝি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজি! কিন্তু না, কোনও AI নয়। কলকাতারই এক পুজো মণ্ডপে তৈরি হয়েছে এই নজরকাড়া কিউট গণেশ বা বেবি গণেশ।
গণেশ চতুর্থীর দিন সন্ধ্যা নামতেই বরাহনগরের হাওয়া সকাল ক্লাবের মণ্ডপে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি। পুজো দেখতে আসা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ এখন এই ছোট্ট গণু দাদা। মণ্ডপের সামনে দাঁড়িয়ে সকলেই মোবাইলের ক্যামেরায় বন্দি করছেন প্রিয় এই গণেশের ছবি। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতেও।
এই বিশেষ মূর্তিটি তৈরি করেছেন কলকাতার বিখ্যাত মৃৎশিল্পী পরিমল পাল। এ বছর ১৫ বছরে পা দিয়েছে হাওয়া সকাল ক্লাবের গণেশ পুজো। আর পুজোর এই বিশেষ বর্ষে এমন অভিনব ভাবনাতেই চমক দিতে চেয়েছেন উদ্যোক্তারা।
তবে শুধু গণেশের মূর্তিই নয়, মণ্ডপসজ্জাতেও রয়েছে অভিনবত্ব। কিউট গণেশের পিছনে সাজানো হয়েছে একাধিক বই। আর সেই বইয়ের তাকের মধ্যেই ছোট্ট ইঁদুর গণেশের বাহন—একটি সেলফ থেকে অন্য সেলফে ছুটে বেড়াচ্ছে। গোটা দৃশ্যটিকে আরও জীবন্ত করে তুলতে ব্যবহার করা হয়েছে গ্রাফিক্সের কৌশল।
ক্লাবের কালচারাল সেক্রেটারি সুদীপ্ত জানান, গণেশের বাহন ইঁদুর অর্থাৎ গণু দাদাকেই এবারের ভাবনায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তাঁর কথায়, গণেশের বাহনকে হাইলাইট করার ভাবনা থেকেই এই ধরনের উপস্থাপনা।