• ডবল ইঞ্জিনের বাংলায় কয়লা খনি বেসরকারিকরণে জোর
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্রায় ৫০ বছর পর বাংলায় ডবল ‌ইঞ্জিন সরকার। কেন্দ্র ও রাজ্যের একই সুর। এই পরিবেশকে কাজে লাগিয়ে কয়লার উৎপাদন বৃদ্ধি করতে মরিয়া ইসিএল কর্তৃপক্ষ। গত অর্থবর্ষে তারা ৫২.০৮৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করেছে। ধাপে ধাপে তা বাড়িয়ে ৮১ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

    এই লক্ষ্যমাত্রা পূরণে অন্যতম হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে কোলিয়ারির বেসরকারিকরণ। ইসিএল সূত্রে জানা গিয়েছে, ইসিএলের ৫৭টি কোলিয়ারি অলাভজনক অবস্থায় চলছে। তার মধ্যে থেকেই ১৯টি কোলিয়ারির স্ট্র্যাটেজিক পরিবর্তন আসছে। সাতটি কোলিয়ারিকে যেমন সংযুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই রেভিনিউ শেয়ারিং, এমডিও পদ্ধতির মাধ্যমে একাধিক কোলিয়ারিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার উদ্যোগের কথাও জানা গিয়েছে। এতেই সিঁদুরে মেঘ দেখছে বিভিন্ন কোলিয়ারি শ্রমিক সংগঠন। এখন রাজ্যে বিজেপি সরকার থাকায় কেন্দ্রের মোদি সরকার কোলিয়ারি ক্ষেত্রকে বেসরকারিকরণ করতে বাড়তি অক্সিজেন পেয়েছে বলেই অনেকে মনে করছেন। ইসিএলের সিএমডি সতীশ ঝাঁ খোদ জানিয়েছেন, নতুন করে চারটি কোলিয়ারি রেভিনিউ শেয়ারির মাধ্যমে এবং দু’টি কোলিয়ারি এমডিও মাধ্যমে চালানোর পরিকল্পনা করা হয়েছে।

    ইসিএল সূত্রে জানা গিয়েছে, এমডিও কথা অর্থ মাইনস ডেভেলপ অ্যান্ড অপারেশন। অর্থাৎ খনিকে ডেভেলপ করা ও তা থেকে কয়লা তোলা সবকিছুই করবে বেসরকারি সংস্থা। রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে বেসরকারি সংস্থা কয়লা উত্তোলন করবে। ইসিএল কয়লা বিক্রি করে রাজস্বর অংশ দেবে ওই সংস্থাকে।

    বিষয়টিকে ভালোভাবে দেখছেন না সিটু নেতৃত্ব। সিটুর রাজ্য নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল সরকার থাকার সময়েও তাদের শ্রমিক সংগঠন কোলিয়ারি বেসরকারিকরণের প্রতিবাদে আমাদের আন্দোলনে শামিল হয়নি। সেবারও আমরা আন্দোলন করে যতটা সম্ভব বেসরকারিকরণ আটকেছি। এবারও আটকাব। আমরা জানাতে চা‌ই, ইসিএলে অত্যাধুনিক মেশিন এনে কয়লা উত্তোলন করে উৎপাদন বাড়াক। তাতে আমাদের শ্রমিকরা সাহায্য করবেন। কিন্তু, কোলিয়ারি বেসরকারি হাতে তুলে দেওয়া যাবে না।
  • Link to this news (বর্তমান)