• কার্যত শেষ ইস্টবেঙ্গলের কলকাতা লিগ জয়ের আশা, মহামেডানের বিরুদ্ধে কষ্টার্জিত ড্র
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • গত মরশুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এই মরশুমেও গ্রুপপর্বে ভালো ছন্দে ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু তাল কাটল সুপার সিক্সে এসে। কার্যত শেষ হয়ে গেল কলকাতা লিগ জয়ের আশা। সোমবার মরণবাঁচন ম্যাচে মহামেডানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হতো তাদের। সেই জায়গায় শেষ লগ্নে আকাশ হেমব্রমের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল। বিজয়, দেবদত্তদের একাধিক সুযোগ নষ্ট এবং মহামেডানের গোলকিপার নিখিল ডেকার দুরন্ত সেভের মাশুল গুনল লাল-হলুদ ব্রিগেড।

    ম্যাচের শুরু থেকে আক্রমণ শানালেও প্রথমার্ধে গোল পায়নি ইস্টবেঙ্গল। বিজয় মুর্মু ও আকাশ হেমব্রমরা একাধিক দূরপাল্লার শট নিলেও তাতে লাভ হয়নি। বিক্ষিপ্ত আক্রমণ শানালেও মহামেডানের বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলেন লাল-হলুদ অ্যাটাকাররা। উল্টো দিকে বলের দখল রেখে একের পর এক পরিকল্পিত আক্রমণ তুলে আনে মহামেডান।

    ৩৭ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল তারা। তবে বক্সের বাইরে থেকে লালথাংকিমার নেওয়া জোরালো ভলি খুব কম সময়ের মধ্যে দারুণ ক্ষিপ্রতায় সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব সাউ। বারবার লাল-হলুদ রক্ষণে ভাঙন ধরান লালরেমসাঙ্গা, ইসরাফিলরা। তবে ০-০ ফলেই শেষ হয় প্রথমার্ধ।

    দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে চার পরিবর্তন করে ইস্টবেঙ্গল। মাঠে নামেন দেবদত্ত, মহম্মদ বিলালরা। মহামেডানের হয়ে নামেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী হীরা মণ্ডল।

    ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ভুলে কাঙ্খিত গোল পায় মহামেডান। কাউন্টার অ্যাটাকে ওঠেন লালরেমসাঙ্গা। তবে শট না নিয়ে বুদ্ধিদীপ্ত পাস বাড়ান। ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরবকে কাটিয়ে নিয়ে শট নেন লালথাংকিমা। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সুমন কোলের হাতে লেগে বল চলে যায় গোলের দিকে। বাকি ডিফেন্ডাররা বল ক্লিয়ারের চেষ্টা করলেও গোল আটকানো যায়নি।

    গোল খেয়েও দমে যায়নি লাল-হলুদ ব্রিগেড। কিন্তু বিজয়, দেবদত্ত, অনন্থুরা একাধিকবার চেষ্টা করলেও গোল আসছিল না। তবে শেষ ল্যাপে একের পর এক দারুণ সেভ করেন মহামেডানের গোলকিপার নিখিল। তবে শেষ লগ্নে জেতা ম্যাচ হাতছাড়া হয় সাদা-কালো ব্রিগেডের। খেলা শেষের এক মিনিট আগে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। কর্নার থেকে বল পেয়ে বক্সে মহামেডান ডিফেন্ডারদের জটলার মাঝে দারুণ অ্যাক্রোব্যাটিক শটে গোল করেন আকাশ হেমব্রম। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।

    এই ম্যাচের শেষে চার পয়েন্ট নিয়ে লিগ টেব্‌লে দ্বিতীয় স্থানে রইল মহামেডান। সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যে এগিয়ে শীর্ষে মোহনবাগান। অন্য দিকে দু’ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তিনে রইল ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে হারালেও পাঁচ পয়েন্টে পৌঁছবে তারা। ফলে কলকাতা লিগ জয়ের আশা কার্যত শেষ বললেই চলে। তাকিয়ে থাকতে হবে বাকি দলের ম্যাচের দিকে।
  • Link to this news (এই সময়)