• পুজোর বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় বৈঠক
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়: আর প্রায় এক মাস পরেই দুর্গাপুজো। তার আগে সোমবার পুজোয় বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সিইএসসি-র প্রতিনিধিদের নিয়ে বৈঠক সারেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ।

    বৈঠক শেষে তিনি বলেন, ‘গত বছরের মতো এবার পুজোয় তৃতীয়ায় সবচেয়ে বেশি বিদ্যুতের চাহিদা হতে পারে। সুষ্ঠু পরিষেবা দিতে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে।’ গত বছর তৃতীয়ায় ২,১২৬ মেগাওয়াট চাহিদা হয়েছিল। এবারে পুজো পিছিয়ে যাওয়ায় গরম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তৃতীয়ায় ২,০৫০ মেগাওয়াট চাহিদা দেখা দিতে পারে বলে তাঁর অনুমান।

    এ বছর রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এলাকায় প্রায় ৬০ হাজার পুজোয় অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দিতে হতে পারে বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছরে এই সংখ্যা ছিল প্রায় ৫৭ হাজার। সিইএসসি এলাকায় গত বছর ৫ হাজার ৩৬৩টি পুজোয় সংযোগ দেওয়া হয়েছিল।

    বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী, পুজো কমিটিগুলির বিদ্যুৎ খরচের পুরোটাই মকুব করা হবে। তা বহন করবে রাজ্য। গতবার তা ছিল ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ মেটাতে হয়েছিল কমিটিগুলিকে। গতবার ৮০ শতাংশ বহন করতে সরকারের ২৮ কোটি টাকা খরচ হয়েছিল।’

    অন্য দিকে, দপ্তরের কর্তারা জানিয়েছেন, এবার রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা পুজোয় মোট চাহিদার ১৫ শতাংশ বিদ্যুৎ বাইরে থেকে কিনতে পারে। সিইএসসি এলাকায় তা ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
  • Link to this news (এই সময়)