• ফিরছে উষসী-সুস্মিতের জুটি! 'গৃহপ্রবেশ'-এর পর কোথায় আবারও দেখা যাবে তাঁদের?
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ফিরছে উষসী রায় এবং সুস্মিত মুখার্জির জুটি। এর আগে দর্শকদের তাঁদের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গৃহপ্রবেশ' -এ দেখেছিলেন। এবার আবারও তাঁরা ফিরছেন, তবে অন্য ভাবে, অন্য মাধ্যমে। কোথায়? হইচই প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজে।

    উক্ত ওটিটিতে আসছে নতুন ওয়েব সিরিজ 'দেবীপক্ষ'। সেখানেই দেখা যাবে উষসী রায় এবং সুস্মিত মুখার্জিকে। এদিন প্রকাশ্যে এল তাঁদের নতুন সিরিজের ঝলক। সেখানেই দেখা গেল শীল পরিবারের কালী পুজো ১৫০ বছরের পুরনো। কিন্তু এই শতাব্দী প্রাচীন পুজোর ঐতিহ্য, উৎসবের আবহের মাঝেই ঘটে যায় কেলেঙ্কারি। চুরি হয় দেবীর জিভ। শুধু তাই নয়, এই রাজবাড়িতে হয় খুনও।

    শীল পরিবারের এই কালী পুজোর সময় যে একটার পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটল তার নেপথ্যে কে? কে তৈরি করেছে এই গভীর ষড়যন্ত্রের ফাঁদ? নাকি সবটাই নিছক কাকতালীয়? এই বছরের দেবীপক্ষ সূচনার আগেই আসছে 'দেবীপক্ষ'। সঙ্গে থাকছে ভরপুর থ্রিল, রহস্য, চমক। গল্পে শেষ পর্যন্ত কী ঘটে সেটাই দেখার!

    'দেবীপক্ষ' সিরিজটিতে মুখ্য ভূমিকায় থাকবেন উষসী রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সুস্মিত মুখার্জি, অনিন্দিতা রায়চৌধুরী, দেবদত্ত রাহা, শ্রীমা ভট্টাচার্য, নীলাঙ্কুর মুখার্জি, প্রমুখ। ২ অক্টোবর থেকে দেখা যাবে এই সিরিজটি। পরিচালনা করেছেন সুমন দাস। সাহানা দত্ত প্রজেক্টটির নির্মাতা।

    প্রসঙ্গত এই সিরিজটির ঘোষণা আগে করা হয়নি। এদিন সোজাসুজি টিজার প্রকাশ্যে এনে 'দেবীপক্ষ' -এর ঘোষণা করা হল। জানিয়ে দেওয়া হল মুক্তির দিনক্ষণ থেকে কাস্টিং। 'দেবীপক্ষ' সিরিজের টিজার থেকেই স্পষ্ট, এটি একটি আদ্যোপান্ত ক্রাইম থ্রিলার হতে চলেছে।
  • Link to this news (আজকাল)