নন্দীগ্রামে বিজেপির প্রার্থী নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথ
News18 বাংলা | ১৫ সেপ্টেম্বর ২০২৬
নন্দীগ্রাম: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। দলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করে এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। মনোনয়ন কর্মসূচিতে সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ছেলেকে হারানোর শোক এখনও কাটেনি। মঙ্গলবার সকালে খবর পাওয়ার পর রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন তিনি। এরপর নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরেও পুজো দেন চন্দ্রনাথ রথের মা। পুজো দিয়ে নিজেই জানান, দল তাঁকে প্রার্থী করায় তিনি খুশি। আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। প্রায় সব দলই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এর আগে বিজেপির প্রার্থী হিসেবে মেঘনাদ পাল, অঞ্জন পাল-সহ একাধিক নাম নিয়ে জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মায়ের নামই সামনে আসে। হাসিরানি নিজেও জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী চাইলে তিনি প্রার্থী হতে রাজি। এদিন সকাল ১১টা নাগাদ হলদিয়ার কদমতলায় সভা করবেন শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচি শেষে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে কদমতলা থেকে প্রায় দু’কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমাশাসকের দফতরে যাওয়ার কথা তাঁর। সেখানেই হাসিরানি রথ মনোনয়ন জমা দেবেন।
গতকালই নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস৷ তার ২৪ ঘণ্টার মধ্যেই দু-টি বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস৷ এ জাতীয় কর্মসমিতির বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেজিনগরে তাঁদের প্রার্থী হচ্ছেন সফিউজ্জামান শেখ৷ অন্যদিকে নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থী করা হয়েছে মহম্মদ এতেসামুল হককে৷