পুজোয় সিঙ্গাপুরের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে দাসপাড়ায়
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, চোপড়া: দুর্গাপুজো শুধু উৎসব নয়,- এক শিল্পচেতনার প্রতিফলনও। প্রতিবছর থিম-পুজোর মাধ্যমে এই শিল্পকেই তুলে ধরে চোপড়ার দাসপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবার তাদের ৭৪তম বর্ষের পুজোতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। প্রায় ৯ লক্ষ টাকা বাজেট ধরে শিল্পী তাঁর ভাবনায় তৈরি করছেন সিঙ্গাপুরের একটি মন্দিরের আদলে মণ্ডপ।
জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী, যা দর্শকদের প্রকৃতির কাছে নিয়ে যাবে। পাটকাঠি, পাট, চট, ভুট্টা, ভুট্টার খোসা, আর্ট পেপার এবং ফোম ব্যবহার করে ফুটিয়ে তোলা হচ্ছে এই ব্যতিক্রমী ভাবনা।
পুজো কমিটির সম্পাদক মিহির দাস জানান, প্রতিবছরের মতো এবারও আমরা দর্শনার্থীদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে চাই। কমিটির সভাপতি বিদ্যুৎ তরফদার বলেন, মণ্ডপের প্রতিটি কোণায় প্রকৃতির ছোঁয়া রয়েছে। শিল্পীর নিখুঁত হাতে তৈরি এই মণ্ডপ নিঃসন্দেহে সবার মন জয় করবে। আগামী ২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর কয়েকদিন স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।
দাসপাড়া চোপড়া ব্লকের প্রান্তিক এলাকা হলেও এই পুজো বরাবর নজর কাড়ে। সৃজনশীলতার দিক থেকে জেলায় আলাদা জায়গা করে নেয় এই পুজো মণ্ডপ। উদ্যোক্তাদের আশা, এবারও দর্শকের ঢল নামবে। তাঁদের বিশ্বাস, সিঙ্গাপুরের মন্দিরের আদলে তৈরি মণ্ডপ এবারের পুজোয় এক নতুন মাত্রা যোগ করবে। মণ্ডপের মূল আকর্ষণ আলোকদ্বার এবং সুসজ্জিত আলোকসজ্জা। যা প্রতিমা ও মণ্ডপের সূক্ষ্ম কারুকার্য তুলে ধরে এক জাদুময় উৎসবের পরিবেশ তৈরি করবে।
ভিড় সামাল দেওয়ার জন্য কমিটির স্বেচ্ছাসেবকদের একটি দল সবসময় প্রস্তুত থাকবে। পাশাপাশি, সম্পূর্ণ মণ্ডপ এলাকা সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে। থাকবে অন্যান্য নিরাপত্তাজনিত ব্যবস্থা।