‘স্মৃতি’ থেকে ‘জলছবি’, থিমের সাজ নন্দকুমারের মণ্ডপগুলিতে
বর্তমান | ২৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কালের স্রোতে হারিয়ে যাওয়া স্মৃতি থেকে ক্যানভাস পেন্টিং, থিমের কোলাজে সেজে উঠছে নন্দকুমারের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি। ছোট-বড় মিলিয়ে নন্দকুমার থানা এলাকায় প্রায় ৯০টি পুজো হচ্ছে। তবে, ১০-১২টি বিগ বাজেটের পুজো ঘিরে দর্শনার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে। মণ্ডপে জনস্রোত আছড়ে পড়া শুধু সময়ের অপেক্ষা। দেবীপক্ষের সূচনা থেকেই এখানে পুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। তবে, চতুর্থী ও পঞ্চমী থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় শুরু হবে বলে উদ্যোক্তারা মনে করছেন।
নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার(এনএসসিসি) বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম। এরআগে নন্দকুমার হাইস্কুলের ফুটবল ময়দানে পুজো এবং মেলা বসত। এবার পুজোর স্থান বদল হয়েছে। কন্যাগুরুকুল হাইস্কুল থেকে ঝাউতলা যাওয়ার রাস্তার মাঝে পুজো হচ্ছে। এখানকার থিম জলছবি। জল রং দিয়ে ক্যানভাস পেন্টিংয়ের মতো মণ্ডপ সাজিয়ে তুলছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। ক্লাবের সম্পাদক চঞ্চল ভক্তা বলেন, এবার পুজো ১১বছরে পড়ল। বাজেট প্রায় ৩২লক্ষ টাকা। বিশেষ কারণে পুজোর স্থান বদল হয়েছে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
নন্দকুমারে পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম খঞ্চি মিলন বীথি। ক্লাবের বয়স ৭৫বছর। এবার পুজো ৫০বছরে পড়ল। এই উপলক্ষ্যে অতীতের স্মৃতি আঁকড়ে থিমে পুরনো দিনে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। থিমের নামকরণ করা হয়েছে ‘স্মৃতি’। মণ্ডপের সামনের অংশ একটি আস্ত জাহাজ। সেখানে জোয়ারের ঢেউ আছড়ে পড়বে। রূপক অর্থে ওই জাহাজ আসলে মানবদেহ। মণ্ডপের ভিতর পুরনো দিনের নানা কোলাজ রয়েছে। তাতে সাহিত্য-সিনেমা থেকে গুণীজনের ছবি, কয়েন টেলিফোন বুথ, শৈশবে বিলুপ্তপ্রায় গ্রামবাংলার খেলাধুলো, মহালয়ার ভোরে রেডিও সবই উপস্থাপন করা হচ্ছে। ক্লাবের কালচারাল সেক্রেটারি উত্তম ভক্তা বলেন, বর্তমান শৈশব মোবাইলে আসক্ত। অতীতের অনেককিছু স্মৃতিতে ভাসলেও আজ সেসব ইতিহাস। আমরা পুজোর ৫০বছরে দাঁড়িয়ে সেই ইতিহাসকে স্মরণ করার চেষ্টা করছি।
নন্দকুমারের হাইরোডে স্টার আকাদেমির এবারের থিম ‘সাত চক্র’। মণ্ডপের সামনে ধ্যানমগ্ন অবস্থায় বুদ্ধদেবের পরপর ছ’টি মূর্তি থাকছে। মাথার উপর থাকছে চক্র। মণ্ডপের ভিতর আরও একটা বড় চক্র থাকছে। পুজো কমিটির ক্যাশিয়ার তপন সাউ বলেন, মণ্ডপের ভিতর চক্রের রহস্যভেদ দর্শনার্থীদের আনন্দ দেবে। এবার পুজো ১০ বছরে পড়ল। বাজেট প্রায় ছ’লক্ষ টাকা।
নন্দকুমারের হাঁসগেড়িয়া রামকৃষ্ণ ক্লাবের থিম মেলবন্ধন। প্রগতির জন্য সম্প্রীতি জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন থাকলে অনেক সমস্যা সহজে সমাধান সম্ভব। এই বিষয়টি এবার তুলে ধরেছেন উদ্যোক্তারা। ক্লাব সম্পাদক অরিজিৎ বেরা ও পার্থ প্রধান বলেন, এবার পুজো ১৮ বছরে পড়ল। বাজেট প্রায় ২৫লক্ষ টাকা। নন্দকুমারের বাগমারি যুব সম্প্রদায়, মহারাজা নন্দকুমার পুজো কমিটি, কলেজমোড় দুর্গোৎসব কমিটি, নন্দকুমার ওরিয়েন্ট সাবেকি মণ্ডপ তৈরি করেছে। দেবীপক্ষের সূচনায় রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দকুমারের দক্ষিণ নারকেলদা প্রগতি সঙ্ঘের পুজোর উদ্বোধন করেছেন। বিধায়ক সুকুমার দে, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিবানী দে কুণ্ডু, বিডিও দীনেশ দে প্রমুখ উপস্থিত ছিলেন।