• বাড়ির মালিকের ঘর থেকে স্বর্ণালঙ্কার, টাকা হাতিয়ে নেশাখোর স্বামীকে দিল স্ত্রী
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নেশার টাকা জোগাড় করতে স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে বাড়ির মালিকের ঘরে চুরি করে এক দম্পতি। বাড়িওয়ালা ও স্থানীয় কয়েকজন যুবকের নজরদারিতে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তি। যদিও বেপাত্তা অভিযুক্ত মহিলা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের শ্রীমা সরণিতে। 

    পরেশনগরের বাসিন্দা উত্তম সূত্রধর ও তার স্ত্রী শ্রীমা সরণির অচিন্ত্য বসুর বাড়িতে মাসখানেক আগে ভাড়া আসে। অভিযোগ, নিত্যদিন স্বামী-স্ত্রী গণ্ডগোল করে। গত শুক্রবার ওই দম্পতির মধ্যে গণ্ডগোল চরমে ওঠে। স্ত্রীকে মারধর করে উত্তম ঘর থেকে বের করে দেয়। এরপরেই উত্তমের স্ত্রী বাড়িওয়ালার ঘরে থাকতে শুরু করে। সেই রাতেই উত্তম বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বলে জানান অচিন্ত্যবাবু। যদিও স্বামীর ভয়ে ঘরে যাবে না বলে অভিনয় করে উত্তমের স্ত্রী। শনিবার অচিন্ত্যবাবু ও তাঁর ছেলে এবং বউমা ব্যক্তিগত কাজে বাইরে যান। অভিযোগ, সেই সুযোগেই ঘর থেকে সোনার আংটি, চেন ও নগদ টাকা চুরি করে স্বামী উত্তমের হাতে তুলে দেয় স্ত্রী। 

    বাড়ি ফিরে সিসি ক্যামেরাতে সেই দৃশ্য দেখতে পান অচিন্ত্যবাবু। এরপরেই উত্তমের স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে জানায় তার স্বামী ভয় দেখিয়ে সব চুরি করে নিয়ে গিয়েছে। ওই মহিলাকে আটকে রেখে উত্তমকে খুঁজতে পরেশনগরে যান অচিন্ত্যবাবু ও তাঁর ছেলে ও বউমা। সেই সুযোগে ব্যালকনি দিয়ে নীচে নেমে পালিয়ে যায় উত্তমের স্ত্রী। 

    অন্যদিকে, পরেশনগরে স্থানীয় কয়েকজন যুবককে উত্তমের ছবি দেখাতেই তাকে চিনতে পারেন তাঁরা। রবিবারও ওই এলাকাতে খুঁজতে গেলে উত্তমকে খুঁজে পাওয়া যায়নি। এরপরেই সোমবার রাতে নিজের বাড়ি থেকে বের হয়ে শিলিগুড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই এলাকার যুবকরা উত্তমকে ধরে ফেলেন এবং অচিন্ত্যবাবুকে খবর দেন। পরে পুলিশ নিয়ে গিয়ে উত্তমকে ধরিয়ে দেন গৃহকর্তা। উত্তমের হেপাজত থেকে উদ্ধার হয় খোওয়া যাওয়া আংটি, সোনার চেন। যদিও টাকা উদ্ধার হয়নি। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তম মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে মাঝেমধ্যেই চুরি করে। অতীতে কয়েকবার ধরাও পড়েছে। স্বামী ও স্ত্রী দু’জনে অভিনয় করে চুরির ঘটনা ঘটিয়েছিল বলেও অভিযোগ করেন অচুন্ত্যবাবু। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)