নবমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে, জানাল হাওয়া অফিস
বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও রায়গঞ্জ: কলকাতায় দুর্যোগ। তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জায়গায় রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চললেও দিনের অধিকাংশ স্থান গরমে পুড়ছে। নবমী পর্যন্ত উত্তরবঙ্গে এমন আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এনিয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ থেকে পুজোর উদ্যোক্তা, মৃৎশিল্পী ও ব্যবসায়ীরা। তা হলেও আটটি জেলা প্রশাসনই দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, বর্ষা এখনও বিদায় নেয়নি। তাই পুজোয় উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি করে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। নবমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দশমী থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। বাড়তে পারে বৃষ্টির তীব্রতা। তাছাড়া, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অবস্থান করছে। যারজেরে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। উত্তরবঙ্গে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকছে।
উত্তরবঙ্গের বাণিজ্য নগর শিলিগুড়ি এখন পুজোর আমেজে ভাসছে। ইতিমধ্যে বেশকিছু পুজো মণ্ডপের উদ্বোধন হয়েছে। শহরের হিলকার্ট রোড, বিধানরোড, এসএফরোড, নজরুল সরণি সহ বিভিন্ন রাস্তা আলোর মালায় ভাসছে। এই অবস্থায় গত দু’দিন ধরে এখানে দিনের অধিকাংশ সময় আকাশ থাকছে মেঘমুক্ত। মাঝেমধ্যে মেঘ গজরালেও জোর বৃষ্টি হয়নি। বরং, দিনে গরমে টেকা যাচ্ছে না। অনেকেই বলেন, রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চললেও গরম কমেনি। আশ্বিন মাসেও ভাদ্র মাসের মতো গরমে পুড়ছে। যারফলে পুজোর কেনাকাটা করতে বেরিয়ে ঘেমে স্নান করতে হচ্ছে। এতে অস্বস্তি হচ্ছে।
একই পরিস্থিতি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার। সংশ্লিষ্ট জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য। কিন্তু, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের আবহাওয়াও মনোরম। এই অবস্থায় নবমী পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সিকিম আবহাওয়া দপ্তর। তা শুনে সকলেই খুশি। সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পুজোর উদ্যোক্তা সকলেই বলেন, পুজোয় দিনে গরম থাকলে কোনও সমস্যা নেই। বৃষ্টি না হলেই ভালো। তা হলে ভালো মতো পুজো উপভোগ করা যাবে।
গৌড়বঙ্গের অবস্থা একই। ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে অস্বস্তিকর গরমে পুড়ছে মালদহ ও দুই দিনাজপুর। গরমে অস্বস্তি বাড়ছে। তা হলেও সংশ্লিষ্ট তিন জেলা মেগা উৎসব দুর্গাপুজোয় গা ভাসিয়েছে। দফায় দফায় কলকাতা থেকে ভার্চুয়ালি এখানকার মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠা-নামা করছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার তিন জেলায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে।