• রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনা, ধৃত শিক্ষকের জামিনের আবেদন খারিজ কোর্টে
    বর্তমান | ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটে ছাত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর অভিযোগে ধৃত আংশিক সময়ের শিক্ষক অভিজিৎ পালের জামিনের আবেদন খারিজ করল আদালত। বিচারক ধৃতকে দু’দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃতের স্ত্রী। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রামপুরহাট শহরের একটি হাইস্কুলের আংশিক সময়ের ওই শিক্ষককে গণধোলাই দেয় এক ছাত্রীর পরিবার ও স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ, উচ্চ মাধ্যমিকে পড়াকালীন ওই স্কুলেরই এক ছাত্রীকে বাড়িতে প্রাইভেট পড়াতে যেত ওই শিক্ষক। সেই সময় ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করত। এমনকী, খারাপভাবে স্পর্শ করতেন। বছর ১৯-র ওই ছাত্রী বর্তমানে একটি কলেজে ভূগোল অর্নাস নিয়ে ভর্তি হয়েছেন। এখনও তাঁকে ফোন করে উত্ত্যক্ত করে চলেছে ওই শিক্ষক। কিন্তু ভয়, লজ্জার কারণে ওই ছাত্রী বাড়িতে কিছুই জানায়নি। সম্প্রতি রামপুরহাটে এমনই এক শিক্ষকের হাতে নাবালিকা ছাত্রী নৃশংসভাবে খুন হয়েছে। তাঁর সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় রবিবার সাহস করে জামাইবাবুকে বিষয়টি জানান ওই ছাত্রী। দুপুরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃত শিক্ষকের বিরুদ্ধে ভীতি প্রদর্শন, শ্লীলতাহানি, যৌন হেনস্তার ধারা যুক্ত করে রামপুরহাট আদালতে তোলা হয়। যদিও আদালত চত্বরে ধৃতের স্ত্রী দাবি করেছেন, উচ্চ মাধ্যমিকের ফলাফলে ৯৪ শতাংশ নম্বর পেয়েছে এই ছাত্রী। তার থেকে ১ শতাংশ নম্বর বেশি পেয়েছে এক ছাত্র। স্বামী ওই ছাত্রকে ভালো করে পড়িয়েছে, ছাত্রীকে ভালো করে পড়ায়নি। তাই স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)